
চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চে ভরা এক রাতে পিছিয়ে থেকেও দাপুটে জয়ে মাঠ কাপিয়েছে প্যারিস সেন্ট-জার্মেই। টটেনহ্যামের বিপক্ষে গোলের ঝড় তুলে ঘরের মাঠে ৫-৩ ব্যবধানে জিতেছে ফরাসি জায়ান্টরা। দলের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।
শুরুর মিনিট থেকেই পজেশন টেনে খেলা নিয়ন্ত্রণে রাখে পিএসজি। তবে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম সুযোগ থেকেই গোল করে অতিথিদের এগিয়ে দেন রিচার্লিসন। দশ মিনিট পর অসাধারণ এক দূরপাল্লার শটে দলকে সমতায় ফেরান ভিতিনিয়া। ১–১ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।
বিরতির পরই বদলে যায় ম্যাচের গতি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কোলো মুয়ানির গোলে আবারও এগিয়ে যায় স্পার্স। কিন্তু তিন মিনিট পর মুহূর্তেই সমতায় ফেরান ভিতিনিয়া। এরপর পিএসজির দাপটে ম্যাচ পুরোপুরি ঝুঁকে পড়ে স্বাগতিকদের দিকে। দ্রুত আরও দুই গোল করে স্কোরলাইন ৪–২ করে ফেলে তারা।
৭২ মিনিটে মুয়ানির দ্বিতীয় গোল স্পার্সকে সামান্য আশা দেখালেও সেই স্বপ্ন বেশিক্ষণ টিকতে দেয়নি পিএসজি। চার মিনিট পর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ভিতিনিয়া এবং একই সঙ্গে পিএসজির জয় নিশ্চিত করেন।
এ জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পিএসজি। অন্যদিকে ৮ পয়েন্টে নেমে গেছে ১৬ নম্বরে টটেনহ্যাম।
আরটিভি/কেআই




