
মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে হেরেছিল আবাহনী। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আকাশি-নীলরা। বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী।
শুক্রবার (২৮ নভেম্বর) কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০ জনের দলে পরিণত হয়েছিল আকাশি-নীলরা। তবে ২৫ মিনিটে স্পট-কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে।
ডি-বক্সে পড়ে গিয়ে পেনাল্টিটা অবশ্য তিনিই আদায় করে নেন। এদিন একাদশে দুটি পরিবর্তন আনেন আবাহনী কোচ মারুফুল হক। ইব্রাহিম হোসেনের জায়গায় পাপন সিংহ ও ব্রুনো মাতোসের জায়গায় এনামুল ইসলাম গাজীকে মাঠে নামান তিনি।
৪৩ মিনিটে গাজীর পা থেকেই ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। শেখ মোরসালিনের বাঁকানো ফ্রি-কিক থেকে অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পুলিশ। আবাহনীর রক্ষণ আর ভাঙতে পারেননি তারা। ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আবাহনীর আলমগীর মোল্লা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও তা কোনো প্রভাব ফেলেনি আবাহনীর জয়ে।
এতে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে তারা। এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে পুলিশ।
আরটিভি/এসআর




