
চালমান আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারী। এবার বিপিএলের নিলামেও আলো ছড়িয়েছেন তিনি। ৫৬ লাখ টাকায় তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম।
গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শামীম। লোয়ার মিডিল অর্ডারে সেরা পারফর্ম করে চিটাগংকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ১৫ ম্যাচে ৩৫২ রান করেছিলেন এই ব্যাটার।
এরপরই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নিজেকে যোগ্য প্রমাণ করেছেন তিনি। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শামীমের জন্য বড় সুযোগ এবারের বিপিএল।
এবার বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৫৯ দেশি ও বিদেশি ২৬০ জন ক্রিকেটার।
১৪৭ জন দেশি ক্রিকেটারকে মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২৫ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।
২৬০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ‘বি’ ২৫ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১০ হাজার ডলার।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এর আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ২৩ জানুয়ারি শিরোপার লড়াই দিয়ে পর্দা নামবে এই চার-ছক্কার টুর্নামেন্টের।
আরটিভি/এসআর




