
চলমান বিপিএলের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি টি-টোয়েন্টিতে বাদ পড়ার পর অনেক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তাই এই সেঞ্চুরি সমালোচকদের ভুল প্রমাণিত করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহীর সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ।
রোববার (২৮ ডিসেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।
রাজিন সালেহ বলেন, শান্তর আসলে যে স্বাভাবিক খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয় আসলে এটা নিতান্তই ভুল। ও প্রমাণ করেছে এবং ওর স্বাভাবিক যে ক্রিকেট খেলাটা ও আসলে খেলছে এবং সে পারফর্ম করছে।
জয় দিয়ে বিপিএল শুরু করলেও পরের ম্যাচেই হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচের হার নিয়ে পরে রাজিন বলে, হ্যাঁ, দ্বিতীয় ম্যাচ আমরা হেরে গিয়েছি দুর্ভাগ্যবশত। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল।
তিনি বলেন, আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারিনি। আমাদের টপ অর্ডার একটু কলাপ্স করছে। ওখান থেকে কিছুটা অবদান পেলে আমাদের জন্য একটু ভালো হতো।
প্রথম ম্যাচের জয় নিয়ে রাজিন সালেহ বলেন, আলহামদুলিল্লাহ, জয়ের শুরুটা তো অনেক ভালো হয়েছে। আমরা ১৯০ রান আমরা তাড়া করেছি এবং প্রথম ম্যাচটাই জয় হয়েছে।
প্রথম দুই দিনে এখনো পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে। একটা ম্যাচে কেবল রান দুইশর কাছাকাছি গেছে। বাকি তিনটা ম্যাচের একটি দেড়শ ছুঁয়েছে, অন্য দুইটি ১৩০ থেকে ১৫০ রানের মধ্যে আটকে গেছে। অর্থাৎ চার ম্যাচের তিনটিতেই প্রত্যাশিতভাবে রানের দেখা পাওয়া যায়নি।
যার বড় একটা কারণ সবগুলো ম্যাচই হয়েছে একটি উইকেটে। স্বাভাবিকভাবে একই উইকেটে টানা দুইটা খেলা হওয়ার পর পরের দিন নতুন উইকেটে খেলা হয়ে থাকে।
বিপিএলের প্রথম চার ম্যাচে অবশ্য এমন চিত্র দেখা যায়নি। রাজিন সালেহ মনে করেন, একই উইকেটে চারটি ম্যাচ হওয়ায় দলগুলোর জন্য কাজটা কঠিন হয়ে গেছে। বিশেষ করে বড় ইনিংস খেলার মতো অনায়াসে ব্যাটিং করতে পারছেন না তারা। একই উইকেটে কেন সবগুলো ম্যাচ হয়েছে, সেটার কারণ খুঁজছেন রাজশাহীর সিনিয়র সহকারী কোচও।
আরটিভি/এসআর




