
আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের ১২তম আসরে। যেখানে প্রতিটি দলের রয়েছে একাধিক পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে বড় দুঃসংবাদ পেয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বিপিএলের দ্বাদশ আসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার পুরো সময় উপস্থিত থাকতে পারবেন না।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি–টোয়েন্টি দলের নিয়মিত সদস্যদের নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কোন ক্রিকেটারকে এনওসি দেওয়া হবে, সেটি ‘কেস–টু–কেস’ ভিত্তিতে কঠোরভাবে পর্যালোচনা করা হবে বলেও জানা গেছে।
বিপিএল ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান। টি-টোয়ে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ৯ ও ১১ জানুয়ারি, ডাম্বুলায়। এরপর জানুয়ারির শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজও আয়োজন করবে দেশটি।
তাই পাকিস্তানি ক্রিকেটারদের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত বিপিএলের জন্য পিসিবি আনুষ্ঠানিকভাবে এনওসি দিতে অস্বীকার করেছে, এমন তথ্য নেই।
বিপিএলে ডাক পাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আছেন সাইম আয়ুব, খাজা নাফি, সুফিয়ান মুকিম, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ এছাড়াও জাহানদাদ খান, ইহসানুল্লাহ, হায়দার আলি, উসমান খান, আবরার আহমেদ ও মোহাম্মদ আমিরও দল পেয়েছেন। এর মধ্যে সাইম, সাহিবজাদা, নবী, উসমান খান ও আবরার পাকিস্তানের টি–টোয়েন্টি দলের নিয়মিত সদস্য।
আরটিভি/এসআর




