লাতিন বাংলা সুপার কাপের আয়োজনে চরম আর্থিক সংকটের কারণে আর্জেন্টিনার সাবেক তারকা ক্লদিও ক্যানিজিয়া ঢাকায় আসছেন না। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কাফুর আগমন নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান এএফবি প্রোমোশন প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হওয়ায় এই দুই তারকাকে বাংলাদেশে আনতে পারেনি।
এএফবি প্রোমোশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান স্বীকার করেছেন, “এই মুহূর্তে ক্যানিজিয়াকে আনতে পারছি না। তবে কাফুর জন্য আমরা এখনও আশাবাদী। আজকের (সোমবার) দিনটাই ছিল আমাদের জন্য চূড়ান্ত। ফাইন্যান্সটা যদি সময়মতো করা যেত, ওরা আসত।”
আয়োজকদের মূল আশা ছিল টুর্নামেন্টের টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকে অর্থায়ন পাওয়া, কিন্তু তা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এতে করে শেষ মুহূর্তে আয়োজনে বিশাল সংকট দেখা দিয়েছে। টুর্নামেন্টের জন্য দুই দলের বিমান টিকিটের অর্থও এখনো পরিশোধ হয়নি।
অর্থসংকটের কারণে সোমবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ‘রেড অ্যান্ড গ্রিন’ খেলোয়াড়দের হোটেল থেকে বের হতে সমস্যায় পড়তে হয়েছে। বিভিন্ন পক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে এসেছে।
মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আমরা ক্রীড়া উপদেষ্টা ও সম্ভাব্য পৃষ্ঠপোষকদের সহযোগিতা চাইব, যাতে সংকট থেকে উত্তরণ সম্ভব হয়।
আগামী ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাবের মুখোমুখি লাতিন তারকাদের মিলনমেলা আয়োজনের স্বপ্ন এখন অনিশ্চিত। কতটা নাটক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার বিষয়।
আরটিভি/এসকে




