২০২৩-২৪ আসরে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে আলো ছড়িয়েছিলেন জেমস নিশাম। আসন্ন বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে খেলতে আসবেন এই কিউই অলরাউন্ডার।
শুক্রবার (১২ ডিসেম্বর) তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নাবিল গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। নিশামকে পাওয়ায় আরও শক্তিশালী হলো রাজশাহীর স্কোয়াড।
সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম নিশাম। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্বসেরাদের একজন। এই ফরম্যাটে দেশের হয়ে ৯৩ ম্যাচ খেলে ১৪৯ স্ট্রাইক রেটে ১০১০ রান করেছেন নিশাম। বল হাতে নিয়েছেন ৫৬ উইকেট।
বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন নিশাম। এর আগে নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলে এসেছেন ৪ ম্যাচ। এই ৪ ম্যাচে ৯৯ রান করার পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের তারকা ক্রিকেটার নিশাম। খেলেছেন আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল, বিগব্যাশ, দ্য হান্ড্রেড সহ প্রায় সব জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে৷
রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড
সরাসরি চুক্তি: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো এবং জিমি নিশাম
নিলাম থেকে: জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।
আরটিভি/এসআর




