আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি শনিবার ভোরে কলকাতায় পা রাখার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে ফুটবলপাগল শহর। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়ক সবখানেই এক ঝলক মেসিকে দেখার জন্য জমে ওঠে ভক্তদের ভিড়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, নিরাপত্তাজনিত কারণে বিপুল জনসমাগম এড়াতে মেসিকে বিমানবন্দর থেকে বিকল্প পথে বের করে আনা হয়।
মেসির এই সফর তার বহুল আলোচিত GOAT (Greatest Of All Time) ট্যুর–এর অংশ। কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি ঘুরে দেখার কথা রয়েছে তার। এই ঐতিহাসিক আগমন স্মরণীয় করে রাখতে কলকাতায় নির্মাণ করা হয়েছে প্রায় ৭০ ফুট উচ্চতার একটি ভাস্কর্য, যার উদ্বোধন হওয়ার কথা শনিবারই এবং তাতে মেসির উপস্থিতির কথাও জানানো হয়েছে।
তবে উৎসবের আবহের মাঝেই ভাস্কর্যটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক। প্রশংসার বদলে সেটি মুহূর্তেই পরিণত হয় হাস্যরস, মিম ও কটাক্ষের কেন্দ্রে। নেটিজেনদের বড় অংশই প্রশ্ন তুলছেন এই ভাস্কর্য কি আদৌ লিওনেল মেসির মতো?
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, কোন দিক থেকে দেখলে এটা মেসির মতো লাগে, আমি বুঝতেই পারছি না। আরেকজন তুলনা টেনেছেন কলকাতার ফুটবলার মেহতাব হোসেনের সঙ্গে সোজাসাপ্টা প্রশ্ন, “এটা কার ভাস্কর্য?”
অনেকেই আবার বলিউড তারকা হৃত্বিক রোশন–এর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। ভাস্কর্যের উচ্চতা নিয়েও বিদ্রুপ থামেনি। একজন মন্তব্য করেন, পৃথিবীর সবচেয়ে খাটো ফুটবলারদের একজনের মূর্তিই আবার কীভাবে সবচেয়ে উঁচু হয়?”
ট্রলের স্রোতে যোগ দেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। ফেসবুকে রসিকতা করে তিনি লেখেন, কলকাতায় একটা মেসির মূর্তি বসেছে ওটা হৃত্বিক রোশন স্বচক্ষে দেখলে খুব খুশি হবেন।
আরও কটাক্ষে একজন মেটা ব্যবহারকারী শহরের নীল-সাদা রঙের ঐতিহ্যের দিকে ইঙ্গিত করে লেখেন, অবশেষে শহরটাকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানোর একটা যুক্তি পাওয়া গেল।
অন্যরা লিখেছেন,“মিশো থেকে মেসি অর্ডার করলে যেমন আসে, কিংবা মুখটা একটু বেশিই মেসি (messy) হয়ে গেছে। এমনকি কেউ কেউ ঠাট্টা করে দাবি করেছেন, “আমি তো ভেবেছিলাম ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছে হৃত্বিক রোশন!
বিশেষজ্ঞরা বলছেন, এই বিতর্ক নতুন নয়। কলকাতার পার্ক ও ট্রাফিক আইল্যান্ডে থাকা বহু ভাস্কর্য আগেও অনুপাতহীন নকশা ও বিকৃত রূপের কারণে সমালোচিত হয়েছে। কোথাও মাথাহীন ফুটবলার, কোথাও গলিত মোমের মতো অঙ্গ-প্রত্যঙ্গ এমন উদাহরণ শহরবাসীর কাছে দীর্ঘদিন ধরেই ঠাট্টার বিষয়। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আইকনিক ব্যক্তিত্বের ভাস্কর্যও নানা সময় মিমে পরিণত হয়েছে।
ফলে মেসির এই ‘ভুলভাবে তৈরি’ ভাস্কর্য নিয়ে সাম্প্রতিক হইচই কলকাতার জনশিল্পে অনিচ্ছাকৃত কমেডির সুনামকেই যেন আরও জোরালো করল। যে মুহূর্তটি ক্রীড়াপ্রেমীদের গর্বের হওয়ার কথা ছিল। তা আপাতত জায়গা করে নিয়েছে শহরের বিতর্কিত ও ব্যঙ্গাত্মক ভাস্কর্যের দীর্ঘ তালিকায়।
আরটিভি/এসকে




