
বাহরাইন থেকে অনুষ্ঠিত একটি কাবাডি টুর্নামেন্টে ভারতের জার্সি পরে খেলায় জড়িয়ে তীব্র বিতর্কে পড়েছেন পাকিস্তানের জাতীয় দলের খেলোয়াড় উবাইদুল্লাহ রাজপুত। ঘটনাটি নিয়ে আগামী ২৭ ডিসেম্বর জরুরি সভা ডেকেছে পাকিস্তান কাবাডি ফেডারেশন (পিকেএফ)। খবর জিও নিউজের।
বাহরাইনে আয়োজিত তৃতীয় জিসিসি কাবাডি কাপে উবাইদুল্লাহ রাজপুতকে ভারতের জার্সি পরে খেলতে দেখা যায়। এ সময় তার হাতে ভারতের পতাকাও ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
পিকেএফ সূত্র জানায়, বাহরাইনের ওই টুর্নামেন্টে পাকিস্তানের ১৬ জন খেলোয়াড় অংশ নিলেও ফেডারেশনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি বা অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়নি। অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় দল ও জাতীয় পর্যায়ের একাধিক খেলোয়াড় ছিলেন।
পিকেএফ সেক্রেটারি রানা সারওয়ার বলেন, অভিযুক্তরা নিজেদের মধ্যে দল গঠন করে পাকিস্তানের নাম ব্যবহার করে ওই টুর্নামেন্টে খেলেছেন। দেশ কিংবা ফেডারেশন কোনো জায়গা থেকেই অনুমতি নেওয়া হয়নি। তিনি আরও বলেন, একজন জাতীয় দলের খেলোয়াড় ভারতের হয়ে খেলেছে এবং তাদের পতাকা উঁচিয়ে ধরেছে এটি গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পিকেএফ কর্মকর্তারা জানান, ক্লাব পর্যায়ে বিভিন্ন দেশের খেলোয়াড় একসঙ্গে খেলতে পারে। তবে বিদেশি কোনো দেশের দলের হয়ে খেলা এবং তাদের পতাকা বহন করা অপরাধতুল্য। পাকিস্তানের সম্মান ক্ষুণ্ন করেছে এমন অভিযোগে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার জন্য বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন উবাইদুল্লাহ রাজপুত। তিনি জানান, বাহরাইনে প্রতিবছরই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং আগেও তিনি সেখানে অংশ নিয়েছেন। এবার তার আগের দল তাকে ডাকেনি; পরে অন্য একটি দল আমন্ত্রণ জানালে তিনি বাহরাইনে যান।
উবাইদুল্লাহ দাবি করেন, তিনি জানতেন না যে দলের নাম ভারত ও পাকিস্তান হবে। মাঠে প্রবেশের সময় বন্ধুরা তাকে জানায় তিনি ভারতের হয়ে খেলছেন। তখন তিনি ধারাভাষ্যকারকে অনুরোধ করেন যেন ঘোষণা দেওয়া হয় এটি ভারত-পাকিস্তান ম্যাচ নয়, বরং একটি স্থানীয় কাপ।
তার ভাষ্য, মাঠে পৌঁছানোর পর ভারত-পাকিস্তান স্লোগান দেওয়া হয়, কিন্তু এমন স্লোগান বা পতাকা ওড়ানো হবে আমি ভাবিনি। এটি শুধুই একটি কাপ, বিশ্বকাপ নয়। বিশ্বকাপ হলে অবশ্যই আমি পাকিস্তানের হয়েই খেলতাম, কারণ আমি একজন পাকিস্তানি।
উল্লেখ্য, তৃতীয় জিসিসি কাবাডি কাপটি ১৬ ডিসেম্বর বাহরাইনের সালমাবাদে গালফ এয়ার ক্লাবে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বাহরাইন, কুয়েত, দুবাই ও ওমানের দল অংশ নেয়।
আরটিভি/এসকে




