টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ভারতের, বাদ শুভমান গিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩৩ পিএম


টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ভারতের, বাদ শুভমান গিল
ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। আলোচনার কেন্দ্রে থাকা শুভমান গিলকে দলে না রেখেই স্কোয়াড চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে ফিরেছেন রিংকু সিং ও ইশান কিষাণ।

বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে অংশ নেবে। সিরিজটি শুরু হবে ২১ জানুয়ারি থেকে, ভারতের মাটিতে। এর আগে ১১ জানুয়ারি থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোয়।

বিশ্বকাপ স্কোয়াড থেকে শুভমান গিলের পাশাপাশি বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা। দুজনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ছিলেন। যদিও ইনজুরির কারণে গিল শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। সর্বশেষ ২০২৫ টি–টোয়েন্টি এশিয়া কাপে গিল ছিলেন ভারতের সহ-অধিনায়ক। ধারণা করা হচ্ছিল, টি–টোয়েন্টিতেও তিনি নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকবেন। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে রাখা হয়নি।

গিল না থাকায় ওপেনিং পজিশনে সঞ্জু স্যামসনের জায়গা আরও শক্ত হলো। ব্যাকআপ ওপেনার হিসেবে দলে আছেন ইশান কিষাণ। জিতেশ শর্মা বাদ পড়ায় সুযোগ পেয়েছেন এই বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার। সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ঝারখন্ডকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন ইশান। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫১৭ রান করেছেন তিনি, যেখানে তার স্ট্রাইকরেট ছিল ১৯৭.৩২ এবং গড় ৫৭.৪৪।

বোলিং বিভাগে পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে আছেন আর্শদীপ সিং ও হার্শিত রানা। পেস অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া। স্পিন বিভাগে বিশেষজ্ঞ হিসেবে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে ভারত।

আরও পড়ুন

ভারতের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission