
সম্প্রতি ‘ফিফা দ্য বেস্ট’ এর বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যেখানে জায়গা পাননি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন হ্যান্সি ফ্লিক। তার মতে, রাফিনিয়াকে বর্ষসেরা একাদশে না রাখাটা কৌতুকের মতো।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েও রাফিনিয়ার জায়গা হয়নি ফিফার সেরা একাদশে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেললেও, বার্সা শিরোপা জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপে। কাতালানদের ঘরোয়া ট্রেবল জয়ের পথে ২৯ বছর বয়সী রাফিনিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন।
৩৪ গোলের পাশাপাশি করেছেন ২৬ অ্যাসিস্ট। নিজের অন্যতম সেরা তারকার অবমূল্যায়ন দেখে ক্ষুব্ধ বার্সার কোচ ফ্লিক, এটি (পুরস্কার পাওয়ার প্রসঙ্গ) বড় বিষয় নয়, কারণ আমি তা নিয়ে পরোয়া করি না। কিন্তু ফিফার সেরা একাদশ কার্যত একটি কৌতুক, সত্যিই এটা কৌতুক মনে হয়েছে। যখন আমি দেখলাম যে সেখানে রাফিনিয়ার নাম নেই। এটি অবিশ্বাস্য।
তিনি বলেন, রাফিনিয়া এমন একজন খেলোয়াড় যে দলে অনেক বড় ভূমিকা রাখে। চ্যাম্পিয়ন্স লিগে ২২ গোলে তার অবদান ছিল, যা টুর্নামেন্টের সেরা। যখন আপনি তার খেলা ম্যাচগুলো দেখেন, কতগুলো গোল কিংবা অ্যাসিস্ট সে করেছে, তা অবিশ্বাস্য। কিন্তু তার সঙ্গে ন্যায়বিচার করা হয়নি।
তিনি আরও বলেন, তাই আমার কাছে এটি কৌতুক মনে হয়। আমি বিশ্বাস করতে পারিনি, কারণ সে যেরকম মৌসুম কাটিয়েছে, সে এমনটা (বর্ষসেরা একাদশে থাকা) প্রাপ্য।
ব্যালন ডি’অরের মতো ফিফা দ্য বেস্টেও বর্ষসেরা ফুটবলার হয়েছেন পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে। এখানেও তার সঙ্গে লড়াইটা হয়েছে বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের।
বর্ষসেরা খেলোয়াড় না হলেও, ইয়ামাল অবশ্য জায়গা পেয়েছেন বর্ষসেরা পুরুষ ফুটবলারদের একাদশে। সেখানে ফরোয়ার্ড কেবল দুজন– দেম্বেলে-ইয়ামাল। এ ছাড়া গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এবং চারজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার আছেন একাদশে।
গত মঙ্গলবার কাতারের দোহায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করে ফিফা। যেখানে চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপার ট্রেবলজয়ী পিএসজি থেকে সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় জায়গা পান। বার্সেলোনা থেকে জায়গা পেলেন ইয়ামাল ও পেদ্রি।
আরটিভি/এসআর




