আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। অভিষেক আসরেই শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে একের পর এক চমক দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি চুক্তিতে বড় নাম দলে নেওয়ার পর নিলামেও দক্ষতার পরিচয় দেয় নোয়াখালী। সবশেষে একেবারে শেষ মুহূর্তে দলটি যুক্ত করেছে আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার সেদিকউল্লাহ আতালকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান বর্তমানে অন্যতম সমীহ জাগানো দল। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেও খেলেছে তারা। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্স নিয়মিতই নজর কাড়ছে। এবারের বিপিএলেও একাধিক আফগান ক্রিকেটার অংশ নিচ্ছেন, যার মধ্যে অন্যতম সেদিকউল্লাহ আতাল।
২৪ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২২ ম্যাচ। এসব ম্যাচে ২৩ গড়ে করেছেন ৪৭০ রান। তবে ঘরোয়া টি-টোয়েন্টিতে আরও উজ্জ্বল তার পরিসংখ্যান। ৮৮ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে ৩৩ গড়ে তার সংগ্রহ ২ হাজার ৫৪৯ রান।
আইএল টি-টোয়েন্টি ও এসএ টি-টোয়েন্টির পাশাপাশি আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে সেদিকউল্লাহর। ভারতের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
সেদিকউল্লাহ আতাল ছাড়াও নোয়াখালীর বিদেশি ক্রিকেটার তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং পাকিস্তানের হায়দার আলী। দেশি ক্রিকেটারদের মধ্যে দলটি ভরসা রেখেছে সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল অঙ্কন ও জাকের আলীর ওপর।
সব মিলিয়ে শক্তিশালী দল গড়ে প্রথম আসরেই বড় কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস।
নোয়াখালী এক্সপ্রেস: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী ও ইবরার আহমেদ, বিলাল সামি।
আরটিভি/এসকে




