
প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আর ফ্র্যাঞ্চাইজিটিতে সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন লক্ষ্মীপুরের ছেলে হাসান মাহমুদ। ফলে নোয়াখালীর সঙ্গে লক্ষ্মীপুর যুক্ত হওয়ায় দলটি আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন এই টাইগার পেসার।
সোমবার (২২ ডিসেম্বর) নোয়াখালী এক্সপ্রেসের প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
হাসান বলেন, নোয়াখালীর মতো একটি দল বিপিএলে অংশ নিচ্ছে—এটাই আনন্দের। তার ওপর সেই দলের অংশ হতে পারা তাকে আরও বেশি উৎসাহিত করেছে।
লক্ষ্মীপুর ও নোয়াখালীর ভৌগোলিক ও মানসিক সম্পর্ককে দলের জন্য বাড়তি শক্তি হিসেবেই দেখছেন তিনি। হাসানের মতে, দুই জেলার মানুষের এই সংযোগ নোয়াখালীর সমর্থন ও অনুপ্রেরণা আরও বাড়াবে। সেই সঙ্গে দুই জেলা এক হওয়ায় দল আরও শক্তিশালী হয়ে উঠেছে।
বিপিএলকে নিজেকে নতুন করে প্রমাণ করার বড় সুযোগ মনে করছেন হাসান মাহমুদ। তার বিশ্বাস, টুর্নামেন্টে ভালো শুরু করতে পারলে এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে ভবিষ্যতের বিশ্বকাপে খেলার সম্ভাবনাও তৈরি হবে।
এদিকে নিজের বোলিংয়ে আরও বৈচিত্র্য আনার দিকেও নজর দিচ্ছেন এই পেসার। ইয়র্কার ও স্লোয়ারের মতো শক্তিশালী অস্ত্রের সঙ্গে গেম সেন্স উন্নত করার কাজ করছেন বলে জানান তিনি। আসন্ন বিপিএলে ভিন্ন কিছু দেখানোর আশাবাদও ব্যক্ত করেছেন হাসান।
আরটিভি/এসআর




