দেশি কোচিং স্টাফেই ভরসা ঢাকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০২:০৪ পিএম


দেশি কোচিং স্টাফেই ভরসা ঢাকার
ছবি: সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিদেশি কোচিং স্টাফ মানেই আধুনিকতা এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালস। প্রধান কোচ বিদেশি হলেও, পুরো কোচিং কাঠামোর ভিত্তি গড়ে উঠেছে দেশি স্টাফদের ঘিরে। 

খেলোয়াড়দের সঙ্গে নিবিড় বোঝাপড়া, শারীরিক অবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এবং স্থানীয় কোচদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার দীর্ঘমেয়াদি লক্ষ্য সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের অভিজ্ঞ কোচ মাহবুব আলী জাকি।

আসন্ন মৌসুম সামনে রেখে ঢাকা ক্যাপিটালসের কোচিং স্টাফে স্থানীয়দেরই প্রাধান্য দেওয়া হয়েছে। জাকির ভাষ্য অনুযায়ী, দলের প্রতিদিনের অনুশীলন, খেলোয়াড় ব্যবস্থাপনা ও মাঠের বাইরের বেশিরভাগ দায়িত্ব সামলাবেন দেশি কোচ ও সাপোর্ট স্টাফরা। বিদেশি মুখ হিসেবে থাকছেন কেবল প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড এবং একজন অ্যানালিস্ট।

এক সংবাদ সম্মেলনে জাকি বলেন, দলের দর্শন শুরু থেকেই স্পষ্ট। আমাদের মূল নির্ভরতা দেশি কোচিং স্টাফের ওপর। প্রধান কোচ হিসেবে টবি র‍্যাডফোর্ড থাকবেন, অ্যানালিস্টও বাইরে থেকে আসবে। তবে ফিজিও, ট্রেইনারসহ অন্যান্য স্টাফে আমরা দেশিদেরই গুরুত্ব দিয়েছি।

বিশেষ করে ফিজিও ও ট্রেইনারদের ক্ষেত্রে বিদেশি বিকল্পে না যাওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। জাকিরেরে মতে, খেলোয়াড়দের শারীরিক অবস্থা বোঝার জন্য কেবল সার্টিফিকেট যথেষ্ট নয়। প্রয়োজন দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও পারস্পরিক বিশ্বাস। নিয়মিত যারা খেলোয়াড়দের সঙ্গে কাজ করেন, তারাই ইনজুরি, ফিটনেস ও ওয়ার্কলোডের সূক্ষ্ম দিকগুলো ভালোভাবে বুঝতে পারেন।

তিনি আরও বলেন, ফিজিওর ভূমিকাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়রা যাদের সঙ্গে নিয়মিত কাজ করে, তারাই জানে কে কোন অবস্থায় আছে, কোথায় সমস্যা হচ্ছে এবং কখন কী প্রয়োজন। এই বোঝাপড়াটা বাইরের কেউ একদিনে তৈরি করতে পারে না।

ঢাকা ক্যাপিটালসের এই নীতির পেছনে আরেকটি বড় লক্ষ্যও রয়েছে স্থানীয় কোচিং ট্যালেন্টকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ তৈরি করা। বিদেশি কোচদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশি স্টাফদের শেখার পরিবেশ তৈরি করাই ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

সব মিলিয়ে, তারকাখচিত বিদেশি কোচিং স্টাফের পথে না গিয়ে খেলোয়াড়-কেন্দ্রিক ও বাস্তবভিত্তিক এক কোচিং দর্শনই বেছে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। যেখানে আস্থার জায়গা দেশ, আর লক্ষ্য আন্তর্জাতিক মান।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission