
লিভারপুলের জন্য দুঃসংবাদ শেষ হওয়ার নাম নিচ্ছে না। শনিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচে গোল করার সময় পা ভেঙে গুরুতর চোট পান দলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। তার পায়ের গোড়ালিতে চোটের পাশাপাশি ফিবুলা হাড় ভাঙার কারণে সোমবার সফল অস্ত্রোপচার করা হয়েছে।
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ ডিফেন্ডার মিকি ফান দে ভেনের চাপায় ইসাকের পা আটকে গেলে এই মারাত্মক আঘাত লাগে। লিভারপুল ক্লাব জানায়, এই চোটের কারণে তার মাঠে ফেরার সময়সীমা এখনও জানা যায়নি।
গত সেপ্টেম্বরে নিউক্যাসল ইউনাইটেড থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়া ২৬ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার এখনও ক্লাবের প্রত্যাশিত ছন্দে আসতে পারেননি। বর্তমানে চলতি লিগে তার গোল মাত্র দুটি, এবং চ্যাম্পিয়নস লিগে গোল করতে পারেননি।
লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকলেও শীর্ষস্থ আর্সেনালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এছাড়া, আফ্রিকা কাপ অব নেশনসে মোহাম্মদ সালাহ মিসর দলে থাকায় আক্রমণে বড় সংকট দেখা দিয়েছে। ইসাকের দীর্ঘ অসুস্থতায় দলকে নতুন স্ট্রাইকার হুগো একিতিকের ওপর নির্ভর করতে হবে। একিতিকে চলতি মৌসুমে আট গোল করেছেন, যার মধ্যে শেষ তিন ম্যাচে পাঁচ গোল করেছেন।
সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় লিভারপুল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার সম্ভাবনাও বিবেচনা করছে। এখন দলের সামনে বড় চ্যালেঞ্জ হলো এই সংকট মোকাবিলা করে মৌসুমের বাকি অংশে ভালো ফলাফল নিশ্চিত করা।
আরটিভি/এসকে




