বিপিএল শুরুর আগমুহূর্তে চট্টগ্রাম র‌য়্যালসের দল প্রত্যাহারের আবেদন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০১:২৩ পিএম


বিপিএল শুরুর আগমুহূর্তে চট্টগ্রাম র‌য়্যালসের দল প্রত্যাহারের আবেদন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর একদিন আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে আর্থিক সমস্যার কথা উল্লেখ করে বিপিএল থেকে সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটি।

চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক মিঠু বলেন, আমরা সকালে চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে সভাপতির সঙ্গে আলোচনা চলছে। সিদ্ধান্ত নিতে হবে এবং খেলোয়াড়দের বিষয়টিও ম্যানেজ করতে হবে। চিঠিতে অনেক কথা বলা হয়েছে, তবে মূল কারণ হিসেবে আর্থিক সমস্যার কথাই উল্লেখ করা হয়েছে।

এর আগে বিসিবি চট্টগ্রাম রয়্যালসকে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে বাদ দিতে বলেছিল। পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও জটিলতা দেখা দেয়। গত আসরে ক্রিকেটার ও স্টাফদের বেতন বকেয়া রাখার অভিযোগে সমালোচিত হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। যদিও চলতি আসরে চট্টগ্রাম দলের মালিকানা পরিবর্তন হয়েছে।

এদিকে ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে আগেই নিশ্চিত করেছিল বিসিবি। তবে বিদেশি খেলোয়াড় নিয়েও বিপাকে পড়ে চট্টগ্রাম রয়্যালস। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা দলে থাকলেও, স্টার্লিং ও ডিকভেলা নিজ নিজ বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় নাম প্রত্যাহার করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডও আবরার আহমেদের এনওসি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

কোচিং স্টাফ নিয়েও চট্টগ্রাম রয়্যালসের ভেতরে অস্বস্তি তৈরি হয়। শুরুতে দেশীয় কোচ মমিনুল হকের নাম ঘোষণা করা হলেও পরে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগের কথা জানানো হয়। তবে বিপিএল শুরুর দুই দিন আগেও তার বাংলাদেশে আসা নিয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠার কথা রয়েছে। সুষ্ঠু ও পরিচ্ছন্ন আয়োজনের প্রত্যাশার মধ্যেই টুর্নামেন্ট শুরুর আগেই এমন সংকটে পড়ল বিসিবি। উল্লেখ্য, এবারের নিলামে চট্টগ্রাম রয়্যালস সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় জাতীয় দলের ওপেনার নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission