
বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই নেমে এলো শোকের কালো ছায়া। মাঠে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে আসিফ আকবর লেখেন,ফোনটা অন করতেই বিসিবি চিফ বুলবুল ভাইয়ের ফোন স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি ভাই আর নেই। তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও লেখেন,জাকি ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র ক্রিকেটার ছিলেন। আমরা একই মহল্লার বাসিন্দা। তিনি ছিলেন একজন অন্তঃপ্রাণ ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকার বড় দলগুলোতে খেলেছেন এবং পরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কোচিং ক্যারিয়ারে। ছোটবেলা থেকেই তাকে দেখে আসছি, তার সঙ্গে খেলার সুযোগও হয়েছে। তিনি খুব আদর করতেন। একজন নিপাট নিরহংকারী ভদ্রলোকের প্রস্থানে আমি এবং আমরা সবাই গভীরভাবে শোকাহত।
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আসিফ আকবর লেখেন, কুমিল্লার কৃতি সন্তান এবং বাংলাদেশের সম্পদ জাকি ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেন। আমিন।
ঢাকা ক্যাপিটালস আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে যাত্রা শুরু করে। ম্যাচ শুরুর আগে অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের সংশ্লিষ্ট সূত্র।
আরটিভি/এসকে




