
বিভিন্ন বিতর্ক আর সমালোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর শুক্রবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে উদ্বোধনী দিনেই মাঠে দেখা মেলেনি টুর্নামেন্টের প্রধান আকর্ষণ ট্রফি। যা নিয়ে ক্রিকেট ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে।
বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে যেখানে ট্রফি প্রদর্শনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়, সেখানে এবার বিপিএলে তা হয়নি। সূত্রের খবর, নতুন এই ট্রফি দুবাই থেকে আসছে, কিন্তু এখনো বাংলাদেশে পৌঁছায়নি। তাই অধিনায়কদের জন্য ক্যাপ্টেনস ডে আয়োজিতও হয়নি।
বিসিবি সূত্র জানায়, নতুন ট্রফি তৈরির জন্য প্রায় ২৫ হাজার মার্কিন ডলার খরচ হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকারও বেশি। দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের তৈরি এই হীরাখচিত ট্রফি বিপিএলের মানসম্মত মর্যাদা বজায় রাখার জন্য আনা হয়েছে।
বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আগের ট্রফিগুলো মানসম্পন্ন ছিল না। পুরোনো ট্রফি সাধারণ ধরনের ছিল এবং পরের ট্রফিও প্রত্যাশা পূরণ করেনি। তাই এবার নতুন ও উন্নতমানের ট্রফি আনা হচ্ছে, যা শিগগিরই দেশে পৌঁছাবে।
ট্রফি দেশে আসার পর আলাদা একটি আনুষ্ঠানিক উন্মোচন এবং অধিনায়কদের নিয়ে ফটোসেশন করার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ঢাকায় হওয়ার কথা ছিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল হয়। পরে ২৬ ডিসেম্বর সিলেটে সংক্ষিপ্ত ১৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরটিভি/এসকে




