বিপিএলের ২০২৫ মৌসুমে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদরোগে আক্রান্ত হয়ে অনুশীলন পরিচালনার সময় অপ্রত্যাশিতভাবে মৃত্যু বরণ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে গা গরম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
মাঠেই সিপিআর দিয়ে তৎক্ষণাৎ চিকিৎসার চেষ্টা চালানো হয়, পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা সম্ভব হয়নি। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, হৃদরোগ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে যিনি ক্রিকেটারদের উন্নতিতে নিবেদিতপ্রাণ ছিলেন, আজ তার প্রিয় স্টেডিয়ামেই তাকে শেষ শ্রদ্ধা জানানো হলো। বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ইফতেখার রহমান মিঠু, ক্রিকেটার, কোচিং স্টাফ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
মাঠটি ছিল তার ধ্যান-জ্ঞান, শিষ্যদের স্বপ্ন বুনতে যেখানেই দিন রাত কাজ করতেন, সেই মাঠ থেকে চিরবিদায় নিলেন মাহবুব আলী জাকি। জানাজার পর তার মরদেহ কুমিল্লার পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
ঢাকা ক্যাপিটালস পরিবার এবং ক্রিকেট বিশ্ব একটি উজ্জ্বল ব্যক্তিত্বকে হারালো, যার অবদান সবসময় স্মরণীয় থাকবে।
আরটিভি/এসকে




