
প্রায় ৫ বছর ধরে বিপিএলে দলটি পাননি সাদমান ইসলাম। এর মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টেস্ট ক্রিকেটার হিসেবে। তবে চলতি বিপিএলের মাঝপথে এই ওপেনারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়েলস।
মূলত ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই বিপিএলের বাকি অংশের জন্য সাদমানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লম্বা সময় পর আবারো বিপিএলে দেখা যাবে সাদমানকে। ২০২০ বিপিএলের পর এবারই প্রথম খেলবেন তিনি।
ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের পর চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে সাদমানকে। বিপিএলে না খেললেও এই সময়ে ঘরোয়া সব প্রতিযোগীতায় নিয়মিত খেলেছেন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রানের মধ্যেই আছেন তিনি।
সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে ছিলেন এই ওপেনার। ৬ ম্যাচে ১৯২ রান করেছিলেন। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ১৫১.১৮। আসরে সেঞ্চুরিও পেয়েছিলেন একটি।
সাদমানের পাশাপাশি আরো তিন বিদেশিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। আসিফ আলী, আমের জামাল ও হাসান নাওয়াজের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। তিন জনই পাকিস্তানি ক্রিকেটার। নাওয়াজ ছাড়া বাকি দুজনের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে।
চট্টগ্রাম রয়েলসের স্কোয়াড: শেখ মেহেদী (অধিনায়ক), তানভীর ইসলাম, মির্জা তাহির বাগ, আসিফ আলী, হাসান নাওয়াজ, আমের জামাল, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর ও সাদমান ইসলাম।
আরটিভি/এসআর




