বছরের শেষ ম্যাচেও গোলের দেখা পেলেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার গোলেও জয় নিশ্চিত করা গেল না আল নাসরের। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রোনালদোর দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল ইত্তিফাক। ১৬ মিনিটে ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইজনালডামের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় আল নাসর। ৪৭তম মিনিটে ছন্দে থাকা জোয়াও ফেলিক্স গোল করে ম্যাচে সমতা ফেরান।
এরপর ৬৭তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। যদিও গোলটির পেছনে বড় অবদান ছিল ফেলিক্সের। বক্সে হেডের চেষ্টা করতে গিয়ে পড়ে যান রোনালদো। পরে উঠে দাঁড়ানোর পর জটলার মধ্যে ফেলিক্সের নেওয়া শট রোনালদোর পিঠে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
এই গোলের মাধ্যমে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছালেন রোনালদো। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৫৭টি। চলতি বছরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৬ ম্যাচে ৪১ গোল করেছেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
তবে ম্যাচের শেষদিকে আবারও সমতায় ফেরে আল ইত্তিফাক। ম্যাচ শেষের ১০ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন উইজনালডাম। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ের ফলে সৌদি প্রো লিগে প্রথমবার পয়েন্ট হারাল আল নাসর। এর আগে লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয় পেয়েছিল তারা। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে আল ইত্তিফাক।
আরটিভি/এসকে



