
চলমান বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। চার ম্যাচের তিনটিতে জিতে শীর্ষে রয়েছে বিসিবির দল। চতুর্থ ম্যাচেও ব্যাট দুর্দান্ত পারফরম্যান্স করে রংপুরকে ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম।
সোমবার (৪ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল চট্টগ্রাম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওপেনার নাঈম শেখ। ১৫ বলে ১৬ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি।
এদিন ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয়ও। ৭ বলে ১২ রান করে ফেরেন তিনি। কিন্তু হাসান নাওয়াজকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার অ্যাডাম রোসিংন্টন। ৩৩ বলে ফিফটি তুলে নেন তিনি।
এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৪১ বলে ৫৮ রান করে আউট হন। দলীয় ৬ রান যোগ না হতেই তার দেখানো পথে হাটেন নাওয়াজ। ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৮ বলে ৪৬ রান করেন তিনি। ২ বলে ১ রান করে আসিফ আলী আউট হলে ছন্দ হারায় চট্টগ্রাম।

তবে শেষ দিকে ব্যাট চালাতে থাকেন আমের জামাল। শেষ পর্যন্ত শেখ মাহেদীর ৭ বলে ১৩ রান এবং আমের জামালের ১০ বলের অপরাজিত ১৯ রানে ভর করে ১৬৯ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম।
রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও আকিভ জাভেদ নেন একটি করে উইকেট। এ ছাড়াও রাকিবুল ইসলাম শিকার করেন এক উইকেট।
আরটিভি/এসআর




