আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালেও নির্ধারিত সূচি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাংলাদেশকে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া।
সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, বাংলাদেশ টুর্নামেন্টে অংশ না নিলে বিশ্বকাপে তাতে বড় কোনো প্রভাব পড়বে না। তার ভাষায়, এমন নয় যে বাংলাদেশ শীর্ষ চারে যাওয়ার মতো দল ছিল। এই মন্তব্যের খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানায়, তারা ভারতে যেতে চায় না এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করে। তবে বুধবার আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয়, বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই আয়োজন করা হবে।
কানেরিয়া দাবি করেন, বিসিসিআই বা আইসিসি কখনোই বাংলাদেশকে ভারতে না আসতে বলেনি। বরং সব দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। তিনি উদাহরণ টেনে বলেন, মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ছিলেন, কিন্তু ভারতীয় জনগণের ক্ষোভ ও প্রতিক্রিয়ার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এতে বিসিসিআই বা আইসিসির কোনো চাপ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
আইসিসির বৈঠকের প্রসঙ্গ তুলে কানেরিয়া বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজসহ সব দেশের বোর্ড ওই বৈঠকে উপস্থিত ছিল এবং ভোটাভুটিতে সবাই আইসিসির প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে সমর্থন করে বিপক্ষে ভোট দেয়। অর্থাৎ মাত্র দুটি ভোট পড়ে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে।
বাংলাদেশের কঠোর অবস্থান ভবিষ্যতে দেশটির ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করেন কানেরিয়া। তিনি বলেন, আইসিসি সব সময় একটি দেশের দাবি মেনে নেবে এমনটা ভাবা ঠিক নয়। ভবিষ্যতে ভারত বাংলাদেশের সঙ্গে খেলতে না চাইলে সেটাই হবে বাংলাদেশের জন্য বড় ক্ষতি।
আইসিসির সিদ্ধান্ত প্রক্রিয়াকে যৌক্তিক উল্লেখ করে কানেরিয়া বলেন, শেষ মুহূর্তে বড় টুর্নামেন্টের সূচি ও ভেন্যু বদলানো সম্ভব নয়। এতে পুরো টুর্নামেন্ট কাঠামো, যাতায়াত ও প্রস্তুতি নতুন করে সাজাতে হয়।
পাকিস্তানও বাংলাদেশের পথ অনুসরণ করতে পারে এমন জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আইসিসির বিকল্প প্রস্তুত রয়েছে। কোনো দল সরে দাঁড়ালে ক্ষতিটা সেই দলেরই হয়। জরিমানা ও নিয়মকানুন আছে। বাংলাদেশ না এলে স্কটল্যান্ড বা নামিবিয়ার মতো দল সুযোগ পেতে পারে। এতে আইসিসি বা বিসিসিআই ক্ষতিগ্রস্ত হবে না।
আরটিভি/এসকে




