
অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরে পারিবারিক ব্যয় বেড়েছে ০.৬ শতাংশ। জ্বালানির দাম বৃদ্ধি এবং বড় ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে বিমান ভ্রমণ বাড়ায় এ ব্যয় বেড়েছে।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটির পারিবারিক ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮২ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারে। আগের মাস আগস্টে এ ব্যয় ০.১ শতাংশ কমেছিল।
সেপ্টেম্বরে ব্যয় বৃদ্ধির হার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকেরা এ সময়ে ব্যয় ০.২ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করেছিলেন।
এদিকে, গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে পারিবারিক ব্যয় বেড়েছে ৬.৮ শতাংশ। ঋণের উচ্চ সুদের হার সত্ত্বেও দেশটির মানুষের ব্যয় করার প্রবণতা শক্তিশালী রয়েছে বলে ইঙ্গিত দিচ্ছে এ পরিসংখ্যান।
অন্যদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রকৃত পারিবারিক ব্যয় বেড়েছে ০.৭ শতাংশ। এ সময়ে ব্যয় বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিমান ভ্রমণ।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


