আসন্ন বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনকে সামনে রেখে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাফা ইউস্তে।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। একই সঙ্গে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়েছে।
লাপোর্তার সঙ্গে একযোগে আরও কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।
তবে এসব পদত্যাগের পরও ক্লাবের দৈনন্দিন কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ৩০ জুন পর্যন্ত পুনর্গঠিত বোর্ডই দায়িত্ব পালন করবে।
এই অন্তর্বর্তী সময়ের জন্য রাফা ইউস্তেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারির দায়িত্বে থাকবেন জোসেপ কুবেলস। ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন আলফনসো কাস্ত্রো। এছাড়া বোর্ড সদস্য হিসেবে থাকছেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত এবং সিসকো পুজল।
আরটিভি/এসকে




