
জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুসিয়ালার সঙ্গে নতুন চুক্তি করার সময় তার অসুস্থতার বিষয়ে কিছুই জানত না ক্লাব কর্তৃপক্ষ। এমনকি নিজেও তখন নিজের শারীরিক সমস্যার কথা জানতেন না এই জার্মান তারকা।
বায়ার্ন জানিয়েছে, শরীরে অস্বাভাবিক কিছু উপসর্গ অনুভব করার পর চিকিৎসকদের শরণাপন্ন হন মুসিয়ালা। ২০২৫ সালের ২২ এপ্রিল তার প্রথম শারীরিক পরীক্ষা করা হয়। পরবর্তী পরীক্ষায় তার ‘অ্যাবসেন্স সিজার’ নামের স্নায়বিক সমস্যার বিষয়টি শনাক্ত হয়। এ সমস্যায় আক্রান্ত ব্যক্তির সাময়িকভাবে সচেতনতা হারানোর মতো উপসর্গ দেখা দিতে পারে।
এর আগে ২০২৫ সালের ১৩ এপ্রিল ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন মুসিয়ালা। ঘণ্টায় ১৯৪ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে, যেখানে ওই সড়কের সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। দুর্ঘটনার সঙ্গে তার পরবর্তী স্নায়বিক সমস্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে অবশ্য এখনো প্রশ্ন রয়েছে।
এদিকে মুসিয়ালার ভবিষ্যৎ ও চুক্তির আর্থিক বিষয় নিয়ে বায়ার্নের সাবেক দুই শীর্ষ কর্মকর্তার মন্তব্যে ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাবেক সভাপতি উলি হোয়েনেস ও সাবেক প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে প্রশ্ন তুলেছিলেন, চোট ও অসুস্থতা কাটিয়ে আগের ছন্দে ফিরতে পারবেন কি না মুসিয়ালা। পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলে তার বড় অঙ্কের বেতন নিয়েও নতুন করে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তারা।
এমন পরিস্থিতিতে মুসিয়ালার প্রতিনিধি ও বায়ার্ন কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। ক্লাবের ভাষ্য অনুযায়ী, বৈঠকটি ছিল গঠনমূলক। দুই পক্ষই একমত হয়েছে, মুসিয়ালার স্বাস্থ্য ও সুস্থ হয়ে মাঠে ফেরাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময়ে ক্লাবের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তিনি। পাশাপাশি ভবিষ্যতের আলোচনা পারস্পরিক সহযোগিতা ও গোপনীয়তা বজায় রেখে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্পর্কের টানাপোড়েন কমাতে মুসিয়ালার পক্ষ থেকে তার মেডিকেল রিপোর্ট ও চিকিৎসাসংক্রান্ত নথিপত্র দেখার সুযোগ দেওয়া হয়েছে বায়ার্নকে। তবে বর্তমানে নিজের পছন্দে নিয়োগ দেওয়া দুই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই চিকিৎসা নিচ্ছেন এই জার্মান মিডফিল্ডার।
সব মিলিয়ে মুসিয়ালার সুস্থ হয়ে মাঠে ফেরা এবং বায়ার্নের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ দুই বিষয়ই এখন আলোচনায়।
আরটিভি/এসকে



