ইউরোপীয় ফুটবলের অধ্যায় শেষ করে এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিতে যাচ্ছেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা আঁতোয়ান গ্রিজম্যান। বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের গন্তব্য হতে পারে এমএলএসের ক্লাব অরল্যান্ডো সিটি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অরল্যান্ডো সিটির সঙ্গে গ্রিজম্যানের চুক্তি প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত ফ্লোরিডার ক্লাবটিতে খেলবেন তিনি। পাশাপাশি চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
বর্তমানে ক্লাবের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থান করছেন গ্রিজম্যান। ধারণা করা হচ্ছে, এই সফরেই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
গ্রিজম্যানের যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহ নতুন নয়। মার্কিন সংস্কৃতি, বিশেষ করে এনবিএর প্রতি তার আগ্রহ বহুবার প্রকাশ পেয়েছে। অবসর সময়ে তাকে নিয়মিত বাস্কেটবল ম্যাচ উপভোগ করতেও দেখা যায়। তাই ক্যারিয়ারের শেষ অধ্যায় এমএলএসে কাটানোর সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল।
তবে এখনই অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়তে চান না এই তারকা ফরোয়ার্ড। ক্লাবটির হয়ে এখনও কোপা দেল রে জেতা হয়নি তার। আগামী ১৮ এপ্রিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনাল সামনে রেখে সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় আছেন তিনি।
একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই শেষ করেও ইউরোপ অধ্যায়ের ইতি টানতে চান।
উল্লেখ্য, এমএলএসে ইতোমধ্যেই খেলছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী সুপারস্টার লিওনেল মেসি। গ্রিজম্যানের যোগদান লিগটির জনপ্রিয়তা আরও বাড়াবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আরটিভি/এসকে



