এবার পিএসএল মাতাবেন আরেক টাইগার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৮:৩২ এএম


এবার পিএসএল মাতাবেন আরেক টাইগার ক্রিকেটার
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন চমক হয়ে যুক্ত হলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। পেশাওয়ার জালমির দলে জায়গা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার, যেখানে তার সতীর্থ হিসেবে থাকবেন বাংলাদেশি দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিদকে দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে পেশাওয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটি তাকে স্বাগত জানিয়ে উল্লেখ করে, নির্ভীক এই বাঁহাতি ব্যাটার যে কোনো বোলিং আক্রমণের ওপর চড়াও হতে প্রস্তুত।

পিএসএলের নিলামে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে নাম উঠলেও কোনো দল পাননি তানজিদ। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র চার দিন আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় পেশাওয়ার জালমি।

বিজ্ঞাপন

২৫ বছর বয়সী এই ব্যাটারের জন্য এটি দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত অর্ধশতক এবং শেষ ম্যাচে শতক হাঁকিয়ে দলের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই পারফরম্যান্সের জন্য তিনি যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার অর্জন করেন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৩ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ২০টি ফিফটিতে ২,৭৮২ রান করেছেন তানজিদ। তার স্ট্রাইক রেট ১২৮.৯৭, যা তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে একজন কার্যকর ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিজ্ঞাপন

তানজিদকে নিয়ে এবারের পিএসএলে বাংলাদেশ থেকে মোট ছয়জন ক্রিকেটার দল পেয়েছেন। অন্যরা হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে এবারের পাকিস্তান সুপার লিগে সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে। মাত্র দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, থাকবে না কোনো দর্শক এবং উদ্বোধনী অনুষ্ঠানও।

নতুন আঙ্গিকে ৮ দল নিয়ে আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের পিএসএল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission