নানা নাটকীয়তার ভেঙে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। সেই সঙ্গে ৩ মাস মেয়াদী একটি ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে এনএসসি। সেই কমিটিতে রয়েছে তামিম ইকবাল-আতাহার আলী খানের মতো সিনিয়র ক্রীড়াবিদরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল বোর্ড ভেঙে দেওয়া হলে সভাপতি হতে পারেন তামিম। এবার সেই গুঞ্জনই সত্য হলো।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
আমিনুল এহসান বলেন, বিসিবির বোর্ডের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ দুর্বলতা, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে আইসিসির নিকট ই-মেইল পাঠানো হয়েছে। সেই ইমেইলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। গঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। ৩ মাস নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত হয়ে ক্রিকেট পরিচালনা করবে আহ্বায়ক কমিটি।
আরটিভি/এসআর



