
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার। তবে সতীর্থ রবিনকে নিয়ে আশাবাদী তানজিদ হাসান তামিম। তার বিশ্বাস, একদিন কিংবদন্তি ক্রিকেটারদের কাতারেই নাম লেখাবেন রবিন।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রবিনের। অভিষেক ম্যাচে ইনিংসের প্রথম বল মোকাবিলার ইচ্ছা ছিল তার নিজেরই। তাই ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিমের পরিবর্তে প্রথম বল খেলতে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ান তিনি। তবে কাগিসো রাবাদার করা প্রথম বলেই আউট হয়ে ফেরেন সাজঘরে।
ম্যাচের প্রথম বলেই নতুন একজন ব্যাটারকে কেন দক্ষিণ আফ্রিকার সেরা পেসারের মুখোমুখি করা হলো, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘কাল ওর সঙ্গে আমার কথা হচ্ছিল, স্ট্রাইকে কে যাবে আমি নাকি সে। ও আমাকে বলেছিল, নিজের অভিষেক ম্যাচে ও স্ট্রাইক করতে চায়। সে কারণেই ওকে স্ট্রাইক দেওয়া। সাধারণত আমিই স্ট্রাইক নিই। তবে ওর স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।’
টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়া অবশ্য ক্রিকেটে নতুন কিছু নয়। রবিনের আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আরও কয়েকজন ব্যাটার। তবে শুরুটা এমন হলেও রবিনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তামিম। তার মতে, অভিষেকে শূন্য রানে আউট হওয়া কোনো ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ কথা নয়।
তামিম বলেন, এটা ক্রিকেটেরই অংশ। যত বড় ক্রিকেটার আছে, তাদের অনেকেও অভিষেকে শূন্য রানে আউট হয়েছে। এখান থেকে সে কিংবদন্তি হবে, ইনশাআল্লাহ।
অভিষেকের প্রথম বলেই বিদায় নিতে হলেও রবিনের সামনে পড়ে আছে দীর্ঘ পথ। তামিমের বিশ্বাস, ব্যর্থতার এই শুরু পেছনে ফেলে একদিন নিজেকে কিংবদন্তি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করবেন এই তরুণ ওপেনার।
আরটিভি/এসকে




