ফরাসি লিগে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল পিএসজি। ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো, তবে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল লুইস এনরিকের দল। শেষ পর্যন্ত লেন্সকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ আঁর শিরোপা জিতেছে পিএসজি।
ম্যাচের শুরুতে বেশ চাপের মুখেই ছিল প্যারিসের ক্লাবটি। ২০ মিনিটের মধ্যে পরপর দুটি দারুণ সুযোগ তৈরি করেছিল লেন্স। তবে গোলরক্ষক মাতভেই সাফোনভর দুর্দান্ত দুটি সেভ করে দলকে বিপদ থেকে রক্ষা করেন।
চাপ সামলে ২৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠে বল কাড়ার পর ওসমান দেম্বেলের বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশে গোল করেন খভিচা কাভারাৎস্খেলিয়া।।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় লেন্স। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ান সাফোনভ। তার দুর্দান্ত গোলকিপিংই মূলত ম্যাচে এগিয়ে রাখে পিএসজিকে।
শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালিয়েও সফল হয়নি লেন্স। উল্টো যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে। তার শক্তিশালী শট ক্রসবারে লেগে জালে জড়ালে শিরোপা উদযাপনে মেতে ওঠে প্যারিসিয়ানরা।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই আবারও ফ্রান্সের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল পিএসজি।
আরটিভি/এসকে




