২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৮:২০ এএম


২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল
আর্সেনাল। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার (১৯মে) রাতে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় মিকেল আর্তেতার দল। 

৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচে জয় পেলেও সর্বোচ্চ ৮১ পয়েন্টে পৌঁছাতে পারবে পেপ গার্দিওলার শিষ্যরা। আর তাতেই ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ ট্রফি উঠতে যাচ্ছে গানার্সদের হাতে।

গত কয়েক মৌসুমে শেষ মুহূর্তে এসে সিটির কাছে শিরোপা হারানোর তিক্ত অভিজ্ঞতা ছিল আর্সেনাল সমর্থকদের। এবারও শঙ্কা ছিল শেষ দিনের নাটকীয়তা নিয়ে। তবে ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে সিটির পয়েন্ট হারানোয় সেই সব হিসাব-নিকাশের অবসান ঘটে যায় আগেভাগেই।

এখন আগামী রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি আর্সেনালের জন্য শুধুই আনুষ্ঠানিকতা। সেলহার্স্ট পার্কে নতুন চ্যাম্পিয়নদের উৎসবমুখর এক ম্যাচের অপেক্ষায় থাকবেন সমর্থকরা।

আরও পড়ুন

এদিকে লিগ শিরোপা জয়ের পর আর্সেনালের সামনে এখন ডাবল জয়ের হাতছানি। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেখানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) মুখোমুখি হবে গানার্সরা।

উল্লেখ্য, শিরোপার লড়াইয়ে টিকে থাকতে বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সিটির সামনে। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে তারা। পরে আর্লিং হালান্ডের গোলে সমতায় ফিরলেও জয় আদায় করতে পারেনি সিটি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission