ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে আজ বন্ধু যখন শত্রু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ।ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সফল দুই সতীর্থ, এবার বিশ্বকাপের মঞ্চে একে অপরের প্রতিপক্ষ। শুক্রবার ভোর ৫টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার নকআউট লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। একসময় রিয়াল মাদ্রিদের জার্সিতে অসংখ্য সাফল্যের গল্প লেখা এই দুই কিংবদন্তি এবার লড়বেন নিজেদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে।

ম্যাচটি ঘিরে উত্তেজনার অন্যতম কারণ, এই লড়াইয়ের পর বিশ্বকাপ থেকে বিদায় নেবেন দুই মহাতারকার একজন। এছাড়া ৪০ বছর পেরোনো দুই আউটফিল্ড খেলোয়াড়ের একই ম্যাচে বিশ্বকাপে মাঠে নামার ঘটনাও ইতিহাসে প্রথম। এর আগে ৪০ বছর পার করে বিশ্বকাপে আউটফিল্ড খেলোয়াড় হিসেবে খেলার নজির ছিল কেবল রজার মিলার।

রিয়াল মাদ্রিদে ছয় মৌসুম একসঙ্গে খেলে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন রোনালদো ও মদ্রিচ। তবে এবারই হয়তো বিশ্বকাপের শেষ আসরে দেখা যাবে তাদের।

৪১ বছর বয়সী রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমি ফিরে এসেছি। যদিও গ্রুপ পর্বে পর্তুগাল উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও কঙ্গো ডিআর ও কলম্বিয়ার বিপক্ষে জয় পায়নি। ফলে নকআউটে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

সমালোচনার জবাবে রোনালদো বলেন, ২৩ বছর ধরে পেশাদার ফুটবল খেলছি। যখনই কিছুটা খারাপ সময় আসে, তখনই বলা হয় ক্রিশ্চিয়ানো শেষ, সে বুড়ো হয়ে গেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজও জানিয়েছেন, রোনালদোকে বেঞ্চে বসানোর কোনো পরিকল্পনা নেই।

তবে অনেকের মতে, রোনালদোকে ঘিরে অতিরিক্ত নির্ভরশীলতার কারণে জোয়াও নেভেস ও বার্নার্দো সিলভার মতো প্রতিভাবান ফুটবলারদের যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না।

অন্যদিকে ৪০ বছর বয়সী মদ্রিচের বিশ্বকাপ শুরুটা সুখকর ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলের হারের ম্যাচে একটি পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই তাকে মাঠ ছাড়তে হয়। তবে এরপর ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। পানামার বিপক্ষে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন মদ্রিচ এবং আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা চতুর্থ ফুটবলার হিসেবে রোনালদোর পাশে নাম লেখান।

ঘানার বিপক্ষে ২-১ গোলের জয়ে জয়সূচক গোলে অ্যাসিস্ট করে আবারও দলের ভরসার প্রতীক হয়ে ওঠেন মদ্রিচ। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিতে পরিণত করার পেছনে তার অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন

শুক্রবারের এই মহারণে বন্ধুত্বের কোনো জায়গা থাকবে না। ৯০ মিনিট কিংবা তারও বেশি সময় ধরে চলবে সেরাটা দেওয়ার লড়াই। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে যাবে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তির একজনের যাত্রা। আর সেটিই পর্তুগাল-ক্রোয়েশিয়া দ্বৈরথকে এনে দিয়েছে ভিন্ন এক আবেগ ও ঐতিহাসিক গুরুত্ব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ। টেস্টে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের হিসাব সমান। দুই দলের দুইবারের মুখোমুখিতে জয় একটি করে। এবার সেই সমতা ভাঙার পালা। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন। আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম। দুই দলের প্রথম টেস্ট হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালে ঢাকায় ফিরতি টেস্টে অবশ্য আফগানদের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বিশাল ব্যবধানে। আরটিভি/টিআর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে শুক্রবার (৯ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী সাবেক সুইস ফুটবলার
তিন মেয়াদ ধরে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ইনফান্তিনো। চতুর্থ মেয়াদেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এবার নির্বাচনী লড়াইয়ে তার সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম ঘোষণা করেছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা। ৫৫ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার ফিফা সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে জানিয়েছেন, ফুটবলের সেবা এবং বিশ্ব ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ করাই তার মূল লক্ষ্য। ভেগা বলেন, ‘আমার উদ্দেশ্য ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে প্রাণবন্ত করে, তাদের সেবা করা। বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করা, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনা, একবিংশ শতাব্দীর জন্য ফিফাকে আধুনিক করা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং আমাদের খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আস্থা পুনর্নির্মাণ করতে নির্বাচনে দাঁড়াচ্ছি।’ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন ভেগা। তার মতে, ফুটবল কোনো ব্যক্তি, সভাপতি কিংবা প্রশাসকের সম্পত্তি নয়; বরং খেলাটির সঙ্গে যুক্ত সবার। তিনি বলেন, ‘ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি জনগণের খেলা এবং এটি সবার ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন এবং সেইসব সম্প্রদায়ের, যারা ফুটবলকে জীবন্ত করে।’ দীর্ঘদিনের নেতৃত্বের কারণে ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন ভেগা। ইনফান্তিনোর নেতৃত্বাধীন বর্তমান ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান নেতৃত্ব খেলাটির মনোবল ভেঙে দিয়েছে। দুর্বল শাসনব্যবস্থা ফিফার বিশ্বাসযোগ্যতার ক্ষতি করেছে এবং বিশ্ব ফুটবল পরিবারে আস্থা ক্ষুণ্ণ করেছে। এই সংঘাতকে আরও বাড়তে দেওয়া আমাদের অবশ্যই থামাতে হবে।’ স্প্যানিশ অভিবাসী দম্পতির সন্তান রেমন ভেগা বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি সময়ের খেলোয়াড়ি ক্যারিয়ারে দেশটির কয়েকটি ক্লাবে খেলার পর ১৯৯৭ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে জেতেন ইংলিশ লিগ কাপ। পরে ধারে সেল্টিকে খেলতে গিয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ ট্রেবল। ক্যারিয়ারের শেষ দিকে খেলেছেন ওয়াটফোর্ডেও। সুইজারল্যান্ড জাতীয় দলের হয়েও ২৩টি ম্যাচ খেলেছেন সাবেক এই সেন্টার ব্যাক। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দেশটির হয়ে অংশ নেন তিনি। ২০০৩ সালে মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানান ভেগা। এর আগে ২০১৯ ও ২০২২ সালেও ফিফা সভাপতি নির্বাচনে ভেগার প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনী দৌড়ে নামেননি তিনি। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে সামনে আনলেন সাবেক এই সুইস ফুটবলার। আরটিভি/এসকে
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী সাবেক সুইস ফুটবলার
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
আর্জেন্টিনার জার্সিতে বিদায়ের রাতটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে পরা জার্সিগুলোর একটি নিজের হাতে স্বাক্ষর করে উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
কোচিং লাইসেন্স জালিয়াতির অভিযোগে লাতিন আমেরিকার ফুটবলে চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। কিংবদন্তি দিয়েগো মারাদোনার সাবেক সহকারী কোচ আলেহান্দ্রো মানকুসোর বিরুদ্ধে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় থিয়াগো সিলভা ও ফেলিপে মেলোর মতো তারকা ফুটবলারদের নামও এসেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের বরাতে গোলডটকম জানিয়েছে, বাধ্যতামূলক প্রশিক্ষণ ও কোর্স ছাড়াই দ্রুত কোচিং লাইসেন্স পাইয়ে দেওয়ার একটি অবৈধ নেটওয়ার্কের সঙ্গে মানকুসোর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তদন্তে থিয়াগো সিলভা ও সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ফেলিপে মেলোসহ বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়ের নাম উঠে এসেছে, যারা এই প্রক্রিয়ায় লাইসেন্স নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় কোর্স সম্পন্ন না করেই ডিপ্লোমা বা কোচিং লাইসেন্স দেওয়ার বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে প্রায় এক লাখ ব্রাজিলিয়ান রিয়াল, যা প্রায় ২০ হাজার মার্কিন ডলারের সমান, দাবি করা হতো। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ে মানকুসোকে তারকাদের জন্য বিশেষ ‘ফাস্ট-ট্র্যাক’ ব্যবস্থার কথা বলতে শোনা যায়। সেখানে তিনি দাবি করেন, যারা দীর্ঘদিন পেশাদার ফুটবল খেলেছেন, তাদের জন্য তিন বছরের অনলাইন কোর্স ছাড়াই কোচিং লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে ভুয়া কাগজপত্র বিক্রির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বোকা জুনিয়র্সের সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার। তার দাবি, ব্রাজিলের অনেক খেলোয়াড় লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগ করতেন। তিনি শুধু সংশ্লিষ্ট ফেডারেশনের যোগাযোগের তথ্য দিয়ে নিয়ম-কানুন সম্পর্কে সহযোগিতা করতেন। বিতর্কে নাম আসার পর নিজেদের অবস্থানও পরিষ্কার করেছেন থিয়াগো সিলভা ও ফেলিপে মেলো। সিলভার প্রতিনিধি জানিয়েছেন, কোর্সের জন্য অর্থ পরিশোধ করলেও প্রতিশ্রুতি অনুযায়ী ক্লাস করানো হয়নি। পরে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি সিলভা। অন্যদিকে, অনিয়মের বিষয়টি বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এটিএফএর তথ্য সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজের অর্থ ফেরত নিয়েছেন বলে জানিয়েছেন ফেলিপে মেলো। ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ভুয়া নথি ও কথিত জালিয়াতি চক্রের সঙ্গে কারা জড়িত এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: গোলডটকম আরটিভি/এসকে
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল