বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই শেষ ষোলোর ম্যাচ। জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে শিরোপার লড়াই থেকে।
ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মুখোমুখি লড়াই। আন্তর্জাতিক ফুটবলের দুই মহাতারকার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এটি তাদের শেষ বিশ্বকাপও হতে পারে। ফলে ব্যক্তিগত গৌরবের পাশাপাশি দলকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জও থাকছে দুজনের কাঁধে।
গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপ থেকে একটি জয় ও দুটি ড্রয়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে পর্তুগাল। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ ষোলোয় ওঠে ক্রোয়েশিয়া।
সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিফা র্যাঙ্কিংয়েও কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগাল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম, যেখানে ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও পর্তুগালের পক্ষেই। এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়ার জয় মাত্র একটি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে দুই দল ১-১ গোলে সমতায় মাঠ ছাড়ে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণেও এগিয়ে রাখা হয়েছে পর্তুগালকে। অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ। ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৬ শতাংশ। একই সঙ্গে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯.৬ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।
তবে নকআউটের লড়াইয়ে পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। চাপের মুহূর্তে যে দল নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারবে, তারাই নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
আরটিভি/এসকে



