বাংলাদেশকে আরও একবার জয় উপহার দিতে চান স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১১:৩৪ এএম


বাংলাদেশকে আরও একবার জয় উপহার দিতে চান স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ। বিশ্বকাপে খেলছে না লাল-সবুজের প্রতিনিধিরা। তবুও ফুটবল বিশ্বকাপ এলেই নীল-সাদা রঙে রাঙিয়ে ওঠে দেশের রাজপথ। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি আর উল্লাস এখন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয়। বাংলাদেশের সেই অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। তারা সব সময় আমাদের বিস্মিত করে। এত দূর থেকে আর্জেন্টিনাকে সমর্থন করা সত্যিই অবিশ্বাস্য। পৃথিবীর অন্য প্রান্তে মানুষকে আমাদের জার্সি পরে দেখতে সবসময়ই ভালো লাগে। আমরা তাদের আরও একটি জয় উপহার দিতে পারলে খুব খুশি হবো।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা-উন্মাদনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের উদযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। স্কালোনিও জানিয়েছেন, হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের সমর্থকদের এই আবেগ তার নজর এড়ায়নি।

এদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

আরও পড়ুন

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্কালোনির দল। সেই লক্ষ্য পূরণ করতে পারলে শুধু আর্জেন্টিনাই নয়, বাংলাদেশের কোটি কোটি সমর্থকের মুখেও ফুটবে আরেকটি বিজয়ের হাসি এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন কোচের।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission