নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৯:০৭ পিএম


নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
ছবি: সংগৃহীত

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ দুটি গোলের সাক্ষী সেই বিখ্যাত ম্যাচ বল এবার উঠছে নিলামে। স্মারক সংগ্রহের বাজারে আলোড়ন তোলা এই বলটির দাম ম্যারাডোনার ঐতিহাসিক জার্সির সমান, এমনকি তার চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করছে নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস।

চলতি মাসের শেষ দিকে শুরু হবে বলটির নিলাম, যা শেষ হবে আগামী ২১ থেকে ২৩ আগস্ট। প্রতিষ্ঠানটির মতে, ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক দুটি গোলের সঙ্গে জড়িয়ে থাকায় বলটির মূল্য কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

এর আগে ২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সি নিলামে ৯২ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, যা প্রকাশ্যে বিক্রি হওয়া ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল জার্সি।

হেরিটেজ অকশনসের প্রোডাকশন ম্যানেজার মাইক প্রোভেনজেল বলেন, এমন অনেক ঐতিহাসিক স্মারক তিনি দেখেছেন, তবে এই বলটি পুরো বিভাগের কাজ থামিয়ে দেওয়ার মতোই ব্যতিক্রমী। তার ভাষায়, ফুটবল সম্পর্কে ধারণা না থাকলেও মানুষ এই বলটির ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারবেন।

তবে এটি প্রথমবারের মতো নিলামে উঠছে না। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গোল্ডিনের নিলামে বলটির সর্বোচ্চ দর উঠেছিল ২০ লাখ ৪০ হাজার ডলার। কিন্তু বিক্রেতার নির্ধারিত ন্যূনতম মূল্য পূরণ না হওয়ায় তখন সেটি বিক্রি হয়নি। এবারও একটি গোপন ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে। 

প্রোভেনজেলের বিশ্বাস, বলটির মূল্য ম্যারাডোনার জার্সির কাছাকাছি, এমনকি তার চেয়েও বেশি হতে পারে। কারণ, এই বলটিই সরাসরি ইতিহাসের অংশ যে বল দুবার ইংল্যান্ডের জালে জড়িয়েছিল।

১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথমে হাত দিয়ে বিতর্কিত গোল করেন ম্যারাডোনা, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। মাত্র চার মিনিট পর নিজের অর্ধ থেকে বল নিয়ে প্রায় ৬০ মিটার দৌড়ে ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে করেন অবিশ্বাস্য এক গোল, যা পরে ফিফা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি দেয়। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত ম্যারাডোনার নেতৃত্বেই দলটি জেতে বিশ্বকাপ।

ঐতিহাসিক বলটি দীর্ঘদিন সংরক্ষণ করেছিলেন ওই ম্যাচের তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। পরে ব্যক্তিগত সংগ্রাহকের কাছে এটি বিক্রি করা হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় ছবি ও ভিডিও বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, এই বলটিই ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ উভয় গোলের সময় ব্যবহৃত হয়েছিল।

আরও পড়ুন

বর্তমানে বলটির ভেতরের বাতাস বের হয়ে গিয়ে এটি চুপসে গেলেও, প্রোভেনজেলের মতে এটিই বরং এর ঐতিহাসিক সত্যতার প্রমাণ। তার ভাষায়, মাত্র ১০০ ডলার খরচ করলেই এটি ঠিক করা যেত। কিন্তু ইতিহাসের সঙ্গে কেউ কারসাজি করতে চায়নি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission