
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস এ তথ্য জানিয়েছে।
নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চুলের এই অংশটি সংগ্রহ করেছিলেন বিখ্যাত সংগ্রাহক জন কে ল্যাটিমার। তিনি জন গ্যাডসবির বংশধর। ১৭৯৮ ও ১৭৯৯ সালে গ্যাডসবি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরের একটি হোটেলে ওয়াশিংটনের শেষ দুটি জন্মদিনের আয়োজন করেছিলেন।
১৯২৮ সালে গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার এক হলফনামায় জানান, ওয়াশিংটনের সঙ্গে তার দাদার বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি চুলের এই অংশটি পেয়েছিলেন। পরে সেটি বাঁধানো অবস্থায় তাদের বাড়িতে ওয়াশিংটনের ছবির নিচে রাখা হয়েছিল।
কেনা ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি নিলাম প্রতিষ্ঠানটি।
আরটিভি/জেএমএ


