নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচ ঘিরে আবারও আলোচনায় ফিফার টিকিটনীতি।
টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক জানিয়েছে, তাদের মাধ্যমে বিক্রি হওয়া ফাইনালের একটি টিকিটের গড় মূল্য ছিল ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।
দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই টিকিটের দাম কোভিড-পরবর্তী সময়ের সব সুপার বোলের চেয়েও বেশি। এমনকি নিউইয়র্কে অনুষ্ঠিত সাম্প্রতিক দুটি এনবিএ ফাইনালস ম্যাচের টিকিটের মূল্যও ছাড়িয়ে গেছে। ফলে এটিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে।
টিকিটের এই অস্বাভাবিক উচ্চমূল্য নিয়ে সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের মূল্যকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
এর আগে ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে ফিফার সমালোচনা করেন। সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের প্রকাশ্য সমালোচনায় বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।
আরটিভি/এসআর



