স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা। তিনি স্বীকার করেছেন, আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে স্পেনের ফরোয়ার্ড দানি ওলমোকে ধাক্কা দিয়েছিলেন এবং এজন্য দুঃখ প্রকাশ করেছেন।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা বলেন, ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি ওই কাজ করেছিলেন। তবে এটি ঘুষি নয়, বরং একটি ধাক্কা ছিল বলে দাবি করেন তিনি।
অবশ্যই আমি দুঃখিত। আমার অবস্থানে থেকে আবেগ বা প্রতিপক্ষের আচরণ আমার সিদ্ধান্তকে প্রভাবিত করা উচিত নয়। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমার বিশ্বাস, এসব বিষয় মাঠেই শেষ হয়ে যাওয়া উচিত, বলেন আয়ালা।
তিনি আরও বলেন, এটি আসলে ঘুষি ছিল না, যেমনটা বলা হচ্ছে। বরং একটি ধাক্কা ছিল। ওলমো এমন কিছু বলেছিল, যার প্রতিক্রিয়ায় আমি ওই কাজ করি। ভবিষ্যতে তার সঙ্গে দেখা হলে অবশ্যই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইব।
ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও একাধিক স্প্যানিশ খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা যায়।
আয়ালার দাবি, তিনি মূলত সংঘর্ষ থামাতে মাঠে নেমেছিলেন। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনিও ঘটনায় জড়িয়ে পড়েন।
আমি যা করেছি, তার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আমার উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের আলাদা করা। কিন্তু কখনো কখনো আবেগ তীব্র হয়ে ওঠে। যদিও এটি কোনো অজুহাত হতে পারে না। আমার দায়িত্ব ও অবস্থানের কথা বিবেচনা করলে, আমার আচরণ আরও সংযত হওয়া উচিত ছিল, যোগ করেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আরটিভি/এসকে



