ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

টপ অ্যান্ড টি-টোয়েন্টির জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম
টপ অ্যান্ড টি-টোয়েন্টির জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ১৪ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। আসন্ন এই সফরকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন এই টুর্নামেন্টে দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইরফান শুক্কুর। এ ছাড়াও জাতীয় দলের জার্সিতে খেলা সাব্বির রহমান, শামীম হোসেন এবং আবু হায়দার রনির পাশাপাশি সুযোগ পেয়েছেন উদীয়মান বেশ কয়েকজন তরুণ পারফর্মার।

আগামী ২১ আগস্ট শুরু হচ্ছে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। এবারের আসরে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

আরও পড়ুন

এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও নেপাল জাতীয় দল ও নিউজিল্যান্ড ‘এ’ দলের পাশাপাশি অংশ নিচ্ছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।

আগামী ২২ আগস্ট টুর্নামেন্টে লড়াই শুরু করবে বাংলাদেশ দল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা। পরদিন, ২৩ আগস্ট রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হ্যারিকেন্সের মুখোমুখি হবে তারা।

এরপর ২৪ আগস্ট, সোমবার ভেন্যু বদলে ডিএক্সসি মাঠে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। ২৫ আগস্ট, মঙ্গলবার একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে বাংলাদেশ ‘এ’।

আরও পড়ুন

গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন পরীক্ষাটি অপেক্ষা করছে ২৭ আগস্ট, বৃহস্পতিবার। সেদিন ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ আগস্ট, শুক্রবার। একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে তারা। ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। টুর্নামেন্টের শেষ দিন ৩০ আগস্ট, রোববার। একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি স্কোয়াড: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরাব হাসান, সামিউন বাসির রাতুল, সাব্বির রহমান রোমান, রোহানাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন এবং মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের অনেক আশা থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়াকে দলের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাফুফেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। হামজা চৌধুরী বলেন, এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়। দলের লক্ষ্য নিয়ে তার ভাষ্য, আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া, এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। প্রতিপক্ষ দল ও সুবিধা নিয়ে কথা বলতে গিয়েইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ এবং আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি অন্যান্য উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের প্রশংসাও করেন তিনি। তিনি আরও জানান, পুরো দলের মনোযোগ এখনও শুক্রবারের ম্যাচের দিকে। সব ফুটবলাররা বেশ ইতিবাচক মানসিকতায় রয়েছে। আরটিভি/এসআর
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে আলিস আল ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস। সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস।  এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে। আরটিভি/এসআর  
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
মিরাজকে টপকে দুইয়ে রাজা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। যার স্বীকৃতি স্বরূপ মিরাজকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। বুধবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত তথ্য অনুসারে রাজার রেটিং এখন ২৭৬। ৩৩৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাজা। শেষ দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৫ ও অপরাজিত ৮১ রান। সিরিজের শেষ ম্যাচে বল হাতেও নেন দুটি উইকেট।  ব্যাটিংয়ের এই ধারাবাহিকতায় ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।  জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। সিরিজের শেষ দুই ম্যাচে চার উইকেট নেওয়ার আগে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন এলিস।  অস্ট্রেলিয়ার জয়ের আরেক নায়ক জশ ইংলিসও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন তিনি, যা এই সংস্করণে তার দ্বিতীয় শতক। পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সাফল্যের পর জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও ম্যাচসেরা হন শ্রেয়াস আইয়ার। সব মিলিয়ে সাত ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ নম্বরে উঠেছেন ভারতের অধিনায়ক। আরটিভি/এসআর  
মিরাজকে টপকে দুইয়ে রাজা
আরও পড়ুন
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ-আজারবাইজান নতুন চুক্তি