
এনামুল হক জুনিয়রের বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন আব্দুল মজিদ তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিল ২০৫ রানের অসাধারণ এক ইনিংস।
আগের দিন পায়ের পেশীতে টান পড়ে ১৫৯ রানের মাথায় মাঠ ছেড়েছিলেন মধ্যাঞ্চলের এই ডানহাতি ব্যাটসম্যান। পরের দিন আবারও নামলেন ব্যাট করতে।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ২৪৬ বলে করা ২০৫ রানের লম্বা ইনিংসে ছিল ২২ বাউন্ডারি আর ৮টি ওভার বাউন্ডারি। মজিদ ছাড়াও মধ্যাঞ্চলের হয়ে শত রানের ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। বাম-হাতি তরুণের ব্যাটে আসে ১৫৭ বলে ১১২ রান।
এছাড়াও শুভাগত হোমের ৭১ রান আর মোহাম্মদ শরীফের করা ৪১ রানে ভর করে সব উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ৫৪৬ রানের স্কোর দাঁড় করায় মধ্যাঞ্চল।
পূর্বাঞ্চলের হয়ে সোহাগ গাজী নেন সর্বোচ্চ ৫ উইকেট। ২ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন আর আবু জায়েদ। ১ উইকেট নেন এনামুল জুনিয়র।
জবাবে ব্যাট করতে নেমে ভালই জবাব দিচ্ছে পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা। দিনশেষে ওপেনার লিটন দাস অপরাজিত আছেন ১৩৯ রানে। তাসামুল হক করেছেন ৬৭ রান। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করেছে দল।
মধ্যাঞ্চলের হয়ে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট নিয়েছেন শুভাগত হোম। মোশাররফ হোসেন নিয়েছে ১ উইকেট।
আরও পড়ুন :
এমআর/ওয়াই




