
দিন চারেক আগে লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালীন হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েছিলেন বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ঘটনার আকস্মিকতায় অনেকের মনেই ভেসে উঠেছিল ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রিস্টিয়ান এরিকসেনের সেই হৃদয়বিদারক ঘটনার স্মৃতি। তবে সেই উদ্বেগ কাটতে না কাটতেই মাত্র চার দিনের ব্যবধানে ফের মাঠে পড়ে যান জার্মান এই তারকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বায়ার্ন মিউনিখ ও হেইডেনহাইমের মধ্যকার এক প্রীতি ম্যাচে ঘটে দ্বিতীয় ঘটনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী মুসিয়ালা। সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে যান মেডিকেল টিমের সদস্যরা। এ সময় উদ্বিগ্ন হয়ে তাঁকে ঘিরে দাঁড়ান দুই দলের খেলোয়াড়রাও।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুসিয়ালাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এর আগে লাইপজিগের বিপক্ষে ম্যাচে পড়ে যাওয়ার পর অবশ্য তিনি নিজেই হেঁটে মাঠ ছেড়েছিলেন। তবে সে সময় তাঁকে কিছুটা অস্বাভাবিক দেখাচ্ছিল বলে জানিয়েছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ।
পরপর দুই ম্যাচে এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই মুসিয়ালার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার ব্যাখ্যা দেন বায়ার্ন তারকা।
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় মুসিয়ালা জানান, স্নায়বিক সমস্যার কারণে তাঁর সাময়িক কিন্তু সহজে নিয়ন্ত্রণযোগ্য ‘অ্যাবসেন্স সিজার’ শনাক্ত হয়েছে। এই সমস্যার কারণেই সম্প্রতি লাইপজিগ ও হেইডেনহাইমের বিপক্ষে মাঠে পড়ে যাওয়ার ঘটনাগুলো ঘটেছে বলে জানান তিনি।
নিজের শারীরিক অবস্থা নিয়ে মুসিয়ালা লেখেন, এসব স্নায়বিক সমস্যার কারণেই সম্প্রতি লাইপজিগ ও হেইডেনহাইমের ম্যাচের মতো ঘটনাগুলো ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে স্বাস্থ্যের অন্য কোনো বাড়তি ঝুঁকি নেই।
বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে স্বাভাবিক জীবনযাপন এবং ফুটবল চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় অবস্থান তুলে ধরেন জার্মান তারকা।
মুসিয়ালা বলেন, স্নায়বিক রোগ বিশেষজ্ঞদের সম্মতিক্রমে আমি এখন এমন কিছুতেই নিজেকে নিয়োজিত করতে চাই, যা আমার সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক হবে। আর তা হলো স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন করা এবং ফুটবল খেলার প্রতি আমার যে আবেগ, তা ধরে রাখা।
মাত্র চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়ার ঘটনায় সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, নিজের বক্তব্যে সেই শঙ্কা অনেকটাই দূর করার চেষ্টা করেছেন মুসিয়ালা। চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে স্বাভাবিক জীবন ও ফুটবল চালিয়ে যাওয়ার প্রত্যয়ই এখন বায়ার্ন মিউনিখের এই তরুণ তারকার।
আরটিভি/এসকে




