
অর্থসংকটের কারণে থমকে যেতে বসেছে ১৭ বছর বয়সী উদীয়মান ফুটবলার রাকিবের ক্যারিয়ার। গত ৭-৮ মাস ধরে গুরুতর ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) এবং ঢাকা মোহামেডানের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে সুনামের সঙ্গে খেলা এই তরুণ ফুটবলার।
উন্নত চিকিৎসার আর্থিক সামর্থ্য না থাকায় রাকিবের চিকিৎসার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে সহযোগিতা কামনা করেছে তার ক্লাব ‘ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি’র মালিক ও সাবেক ফুটবলার বেলাল আহমেদ।
বগুড়ার দরিদ্র পরিবারের সন্তান রাকিবের ফুটবলে পথচলা শুরু থেকেই দারুণ সম্ভাবনার স্বাক্ষর রেখেছিল। তবে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর স্থানীয়ভাবে চিকিৎসা ও ফিজিওথেরাপি দেওয়া হলেও কোনো উন্নতি হয়নি।
পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ ভট্টাচার্যের পরামর্শে জানা যায়, রাকিবের ইনজুরি কাটিয়ে উঠতে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন এবং এই চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাতে হতে পারে।
তাই নিজের ক্লাবের ফুটবলারের জন্য সহাযোগিতা চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন বেলাল আহমেদ। আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আমিনুল হক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি একটি সীমিত সামর্থ্যের একাডেমি। অর্থবিত্ত ও পর্যাপ্ত আর্থিক সহযোগিতা না থাকলেও যতটুকু সম্ভব, নিজের সামর্থ্য অনুযায়ী এই প্রতিভাবান ও দরিদ্র পরিবারের সন্তানদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।
আমার একাডেমির একজন মেধাবী খেলোয়াড় রাকিব। বাড়ি বগুড়া, বয়স মাত্র ১৭ বছর। দরিদ্র পরিবারের এই প্রতিভাবান ছেলে ইতোমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একটি ক্লাবের হয়ে খেলেছে।
কিন্তু গত ৭-৮ মাস ধরে গুরুতর ইনজুরির কারণে সে মাঠের বাইরে। অনেক চিকিৎসা ও ফিজিওথেরাপি নেওয়ার পর সর্বশেষ ক্রিকেট বোর্ডের ডক্টর দেবাশীষ ভট্টাচার্যের পরামর্শে জানা গেছে, তার অস্ত্রোপচার প্রয়োজন এবং চিকিৎসাটি দেশের বাইরে করতে হতে পারে।
সে ঢাকা মোহামেডানের আন্ডার এইটটিন বি লিগে সুনামের সাথে খেলেছে। এই দরিদ্র পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। রাকিবের স্বপ্ন একদিন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে দিয়ে দেশের হয়ে খেলা। অর্থের অভাবে যেন তার এই স্বপ্ন শেষ হয়ে না যায়।
মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ—রাকিবের চিকিৎসার ব্যবস্থা করে তার পাশে দাঁড়ান। একজন মেধাবী তরুণ ফুটবলারকে বাঁচিয়ে রাখা মানে বাংলাদেশের ফুটবলের একটি সম্ভাবনাকে বাঁচিয়ে রাখা। সবার সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করছি।
আরটিভি/এসআর




