
তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ বাড়াতে নতুন ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে তিন দলের এই প্রতিযোগিতা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। প্রতিদিনের ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল। একদিন বিরতির পর ৩০ আগস্ট মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল।
৫০ ওভারের এই প্রতিযোগিতার প্রথম পর্ব হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে লিগ পর্বেই প্রতিটি দলের ক্রিকেটাররা অন্তত চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সেখানেই নির্ধারিত হবে নতুন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন।
তরুণ ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে রাখা এবং ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যেই বিসিবির এই উদ্যোগ। সংশ্লিষ্টদের আশা, এই টুর্নামেন্টের মাধ্যমে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের প্রস্তুতি আরও শক্তিশালী হবে।
আরটিভি/এসকে




