ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের ইতিহাস কাঁপানো ‘ফিফা দুর্নীতি কেলেঙ্কারি’ মামলায় বড় ধরনের অপরাধ স্বীকার করে মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে হওয়া এই সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়া ও সম্ভাব্য কারাদণ্ড এড়িয়েছেন তারা। তবে এর বিনিময়ে বাবা-ছেলেকে গুনতে হবে প্রায় ৫ কোটি মার্কিন ডলার জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকার সমপরিমাণ।

আর্জেন্টিনাভিত্তিক প্রভাবশালী স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-এর মালিক জিনকিস পরিবার বছরের পর বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন প্রভাবশালী কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন।

অভিযোগ অনুযায়ী, ফিফা, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফের বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণনস্বত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কোটি কোটি ডলারের ঘুষ দেওয়া হয়েছিল।

বিশেষ করে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মিডিয়া ও বিপণনস্বত্ব নিশ্চিত করতে ফুটবল কর্মকর্তাদের লাখ লাখ ডলার দেওয়া হতো বলে আদালতের নথিতে উঠে এসেছে।

মার্কিন আদালতের নথি অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর বিভিন্ন কর্মকর্তাকে প্রভাবিত করে লাভজনক টুর্নামেন্টের স্বত্ব হাতিয়ে নিতে দীর্ঘদিন ধরে একটি বিশাল দুর্নীতির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন জিনকিস পরিবার।

২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখের একটি বিলাসবহুল হোটেলে মার্কিন তদন্ত সংস্থার অভিযানের মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের আলোচিত দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। সেই ঘটনায় ফিফা ও এর বিভিন্ন আঞ্চলিক সংস্থার একাধিক কর্মকর্তা এবং স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠানের নির্বাহীর বিরুদ্ধে ঘুষ, অর্থপাচার ও জালিয়াতির অভিযোগ আনা হয়।

আরও পড়ুন

সেই বহুল আলোচিত মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস। দীর্ঘ এক দশকের বেশি সময় পর অপরাধ স্বীকার করে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছালেন আর্জেন্টিনার এই দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিাইন ফুটবল কর্মকর্তারা, গড়তে চান একাডেমি
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা কতটা গভীর তা পুরো পৃথিবীর কাছে দৃশ্যমান। তাই বাংলাদেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে দুপুরে জাতীয় স্টেডিয়ামে হাজির হন তিন আর্জেন্টিাইন ফুটবল কর্মকর্তা। সেই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবলের প্রশিক্ষণ পদ্ধতি চালু এবং একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লোগো লাগানো একটি মাইক্রোবাস এসে থামে স্টেডিয়ামের প্রধান ফটকে। দোভাষীকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন কর্মকর্তা। কিছুদিন আগেই যেখানে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শেষ হয়েছে, সেই মাঠ ঘুরে দেখার মধ্য দিয়ে শুরু হয় তাদের বাংলাদেশ সফর। ভারতে এএফএর একটি একাডেমি চালুর কাজ শেষ করে বাংলাদেশে এসেছেন তারা। প্রতিনিধি দলে রয়েছেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। বাংলাদেশের মানুষের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রতিনিধি দলের রয়েছে বড় পরিকল্পনা। আর্জেন্টাইন ফুটবলের প্রশিক্ষণ পদ্ধতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এবং এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করতে চায় তারা। মারিও মার্টিন তুলা বলেন, এই পরিকল্পনাটি আমাদের দেশ আর্জেন্টিনাতেই তৈরি হয়েছে। আমরা এশিয়া সফরে বেরিয়েছি এবং ভারত ঘুরে এসেছি। সেখানে আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি মেনে একটি একাডেমি চালু করছি। পরে দলের সবার সঙ্গে কথা বলে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিই।  ‘আমরা জানি, এই দেশে আমাদের জাতীয় দলের সাত কোটির বেশি ভক্ত আছেন। তাদের ধন্যবাদ জানাতেই আমরা এসেছি। পাশাপাশি ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে কিছু কাজ করতে চাই। তবে বাংলাদেশে একাডেমি গড়ার পরিকল্পনাটি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে। বিনিয়োগের সুযোগ খুঁজতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন প্রতিনিধি দলের সদস্যরা। এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি, একাডেমি চালুর তারিখও নির্ধারিত হয়নি। পুরো বিষয়টি নির্ভর করছে স্থানীয় বিনিয়োগকারীদের আগ্রহের ওপর। তুলা বলেন, আমাদের মূল লক্ষ্য হলো এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করা। এই প্রস্তাব নিয়েই আমরা এসেছি এবং সে কারণেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি। বাংলাদেশের ফুটবল সম্পর্কে এখনও বিস্তারিত ধারণা না থাকায় আপাতত বড় কোনো ঘোষণা দিতে চাইছেন না আর্জেন্টাইন কর্মকর্তারা।  নিকোলাস বলেন, আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, কারণ আমরা সবেমাত্র শুরু করেছি। এখনই একাডেমি খুলছি না। বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের এখনো পরিষ্কার ধারণা তৈরি হয়নি। বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক উন্নতির বিষয়টিও এখনও তাদের মূল্যায়নের পর্যায়ে আসেনি। এই সফরে কার সঙ্গে কী ধরনের আলোচনা হয় এবং কেমন অংশীদারত্ব গড়ে ওঠে, তার ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি চালুর প্রস্তাব দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের ওপরই ছেড়ে দিয়েছেন তুলা।  তিনি বলেন, আমাদের প্রস্তাব হলো আর্জেন্টাইন ফুটবল পদ্ধতি যুক্ত করে একসঙ্গে কাজ করা। তবে কখন এবং কীভাবে তা হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষই নেবেন। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রসঙ্গও আলোচনায় এসেছিল। তবে এ নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি প্রতিনিধি দলের সদস্যরা। আপাতত একাডেমি গড়ে তোলা, বিনিয়োগের সুযোগ খোঁজা এবং স্থানীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা ও সমর্থকদের উৎসবের খবর দেশটিতে বেশ পরিচিত। দূরদেশের মানুষের এই ভালোবাসা ছুঁয়ে গেছে নিকোলাসকেও। তিনি বলেন, এটা দারুণ ভালো লাগা ও আনন্দের অনুভূতি। এত মানুষ আমাদের জার্সির রং আর দেশকে ভালোবাসেন, এটা জানলে গর্বে বুক ভরে যায়। এই সফরে বাফুফের সঙ্গে একটি অনুষ্ঠান ও সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলের। আর্জেন্টিনার ফুটবল সাফল্য নিয়ে উৎসব করে আলোচনায় আসা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও যাবেন তারা। ভারতের পাশাপাশি এশিয়ার আরও কয়েকটি দেশে একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এএফএ ইন্টারন্যাশনালের।  তুলা জানান, কয়েকটি দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ সফর শেষে তারা আবার ভারতে ফিরে যাবেন। বাণিজ্যিক উদ্যোগের বাইরেও দূরদেশের সমর্থকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের অন্যতম উদ্দেশ্য। জাতীয় স্টেডিয়ামের মাঠ ও পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তুলা। তার ভাষ্য, সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ হওয়া এই মাঠ নিয়ে তার মূল্যায়ন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এটিকে একেবারে আধুনিক একটি স্টেডিয়াম মনে হয়েছে। আমার সত্যিই মনে হয়, এখানে অলিম্পিক কিংবা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা সম্ভব। সিনিয়র বিশ্বকাপের ফাইনাল না হলেও অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সব ব্যবস্থা এখানে আছে। স্টেডিয়াম ঘুরে দেখার সময় মাঠের ঘাসও পরখ করেন অতিথিরা। তোলেন সেলফি ও দলবদ্ধ ছবি। মেঘলা বিকেলে সাফ চ্যাম্পিয়নশিপের মতো উৎসবমুখর পরিবেশ না থাকলেও বাংলাদেশের ফুটবলপ্রেমের প্রথম ছাপ নিয়ে ফিরছেন আর্জেন্টাইন কর্মকর্তারা। তাদের এই সফর ভবিষ্যতে দুই দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আরটিভি/এসআর  
জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিাইন ফুটবল কর্মকর্তারা, গড়তে চান একাডেমি
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাসান মাহমুদের পর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।  শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, প্রথম টেস্ট চলাকালীন মুশফিক বাম দিকের কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট শেষে তার এমআরআই স্ক্যান করানো হয়। পরীক্ষার ফলাফলে পেলভিক হাড়ের চারপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে। তিনি আরও বলেন, শারীরিক ধকল কাটিয়ে উঠতে এবং অবস্থার অবনতি রোধ করতে তার এখন জরুরি বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রয়োজন। তাই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন মুশফিক। আরটিভি/এসআর  
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
নতুন মেয়াদে ৩৮ জন পুরুষ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (২১ নভেম্বর) ঘোষিত এই চুক্তি কার্যকর থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।  তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি পাকিস্তানের বেশ কয়েকজন পরিচিত ও অভিজ্ঞ ক্রিকেটারের। বাদ পড়াদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, শান মাসুদ ও সাইম আইয়ুব। জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবার কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে পিসিবি। এতদিন প্রচলিত এ, বি, সি ও ডি গ্রেডের ভিত্তিতে চুক্তি দেওয়া হলেও এবার সেই পদ্ধতি থেকে সরে এসেছে বোর্ড। পরিবর্তে খেলোয়াড়দের পারফরম্যান্স ও নির্দিষ্ট ফরম্যাটে অবদানের ভিত্তিতে চালু করা হয়েছে পাঁচটি পৃথক ক্যাটাগরি বা ট্র্যাক। নতুন ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায়ের ট্র্যাক এবি (টেস্ট ও ওয়ানডে)। এই ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বি-তে রয়েছেন ছয়জন। এই তালিকায় আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ। শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে জায়গা পেয়েছেন চারজন। তারা হলেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে গড়া ট্র্যাক সি-তে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে। তারা হলেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। এ ছাড়া ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জনকে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি, রাজাউল্লাহসহ আরও কয়েকজন তরুণ ক্রিকেটার। সব মিলিয়ে নতুন কাঠামোয় ৩৮ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে পিসিবি। তবে রিজওয়ান, ইমাম, শান মাসুদ ও সাইম আইয়ুবের মতো পরিচিত ক্রিকেটারদের বাদ পড়া এবারের কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে বাড়তি আলোচনা তৈরি করেছে। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা টেস্ট ও ওয়ানডে (ট্র্যাক এবি): সর্বোচ্চ স্তরের এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন বাবর আজম ও সালমান আলী আগা। শুধু টেস্ট (ট্র্যাক এ): টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি (ট্র্যাক বিসি): দুই সাদা বলের ফরম্যাটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টি (ট্র্যাক সি): টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। ডেভেলপমেন্ট ক্যাটাগরি: উদীয়মান ক্রিকেটারদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন। তারা হলেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যিব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রনধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবায়েদ শাহ। আরটিভি/এসকে
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ পড়লেন একাধিক তারকা
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে নতুন মোড়। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন।
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ
কোমোতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যেতে পারে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে।
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ
আরও পড়ুন
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
এবার মেসিদের বাঁচাতে সুরক্ষা কবচ ‘আনুলো মুফা’ নিয়ে হাজির আর্জেন্টাইনরা
বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের ঝলক
বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা ফুটবলার