
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরাতন ভবনটি ভেঙে ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের ইনডোর ও আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত একটি বহুতল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (৩০ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত ‘৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান পুরাতন ভবনটি ভেঙে আন্তর্জাতিক মানের সকল ফ্যাসিলিটিজ রেখে একটি বড় হাইরাইজ বিল্ডিং করার পরিকল্পনা সরকারের রয়েছে। অ্যাথলেটদের গরমে কষ্টের কথা বিবেচনা করে দ্রুতই আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত সুন্দর এক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে চায় সরকার।
তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় ২৮টি দল ও সংস্থার ৪৫০ জন খেলোয়াড় মোট ৩৪টি ওজন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের সিনিয়র পুরুষ বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সিনিয়র নারী বিভাগে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
অন্যদিকে জুনিয়র পুরুষ বিভাগে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং জুনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে মিরপুর ডিওএইচএস তায়কোয়ানডো ক্লাব।
প্রতিযোগিতা শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এসআর




