
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিডি ট্রফির দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই জয়ের খুব কাছে থেকেও হতাশ হয়ে মাঠে ছেড়েছে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা।
রোববার (৩০ আগস্ট) আগে ব্যাট করে ২২৬ রান করেছিল অনূর্ধ্ব ১৯ দল। জবাব দিতে নেমে ২২২ রানে অলআউট হয়ে ছোটদের কাছে ৪ রানে হেরেছে অনূর্ধ্ব-২৩ দল।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৬ রান, হাতে ছিল ১ উইকেট। প্রথম বলে কোনো রান না আসার পর দ্বিতীয় বলে ১ রান নিয়ে সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৫। কিন্তু তৃতীয় বলেই উইকেট হারিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের লড়াই। তাদের তীরে এসে তরী ডোবানো সেই নাটকীয়তায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে ৪ রানের রুদ্ধশ্বাস জয়।
এর আগে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ব্যাটিংয়ে নেমে মুহির ৪৬ বলে ৪০ ও আহসান আল মুমিন ৫৬ বলে ৩৭ রান করে দলের সংগ্রহ বাড়ান। তবে ইনিংসের সর্বোচ্চ রবিউল হাসান অনিকের ৮২ বলে ৬৫ রান।
অনিককে সঙ্গ দেন ফারহান সাদিক ও আল রাফি। ফারহান ২৬ বলে ২৯ এবং আল রাফি ১৫ বলে ১২ রান করেন। অনিকের ব্যাটে ভর করে ৪৯.৩ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩ উইকেট নেন। আজিজুল হাকিম ও আহরার আমিন পিয়ান নেন ২টি করে উইকেট। একটি উইকেট শিকার করেন মাহফুজুর রাব্বি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অনূর্ধ্ব-২৩ দল। খালিদ হাসান ও জাওয়াদ আবরারের ওপেনিং জুটিতে আসে ৫২ রান। ২৮ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে খালিদ ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। পরে আজিজুল হাকিম তামিম ৪৫ বলে ২৮ এবং জাওয়াদ আবরার ৩০ বলে ২৬ রান করেন। আহরার ২৪ বলে ২৫ রান করে ফিরলেও রিজান লড়াই চালিয়ে যান।
তবে ফিফটির কাছাকাছি গিয়ে ৭৫ বলে ৪৪ রান করে আউট হন তিনি। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২৬ বলে ১৬ রান করে চেষ্টা চালালেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল আবদুর রহিম। তিনি ৪ উইকেট শিকার করেন। আল রাফি ও তাফিউল আলম তামিম নেন ২টি করে উইকেট। এসকে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক নেন একটি করে উইকেট।
আরটিভি/এসআর




