
দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ৩৬তম জন্মদিনে নয়, বরং টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন এই পেসার।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে টেস্ট থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেন শামি। ২০১৩ সালের ৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ১১৮ রানে ৯ উইকেট শিকার করেন তিনি, যা এখনো তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স।
ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন শামি। এ সময়ে তার শিকার ২২৯ উইকেট। ভারতের টেস্ট ইতিহাসে মোট উইকেটশিকারিদের তালিকায় ১২তম এবং পেসারদের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। সাদা পোশাকে ছয়বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার। সর্বশেষ ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন এই পেসার।
অবসরের ঘোষণায় নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণা করে শামি বলেন, ‘১৩ বছরের এই যাত্রায়, এই ক্যাপ ও বলই আমাকে মোহাম্মদ শামি করে তুলেছে। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছি, পড়ে গেছি, আঘাত পেয়েছি, চোট পেয়েছি। কিন্তু এই ব্যাজটির সম্মানের খাতিরে আমি আবারও উঠে দাঁড়িয়েছি। সবমিলিয়ে এই ১৩ বছরের যাত্রাটা দারুণ ছিল। আমার কোচ, ট্রেইনার, ফিজিও যারা সামান্যতম অবদানও রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
ক্যারিয়ারে ভক্তদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন শামি। তিনি বলেন, ‘বিশেষত ভক্তদের ধন্যবাদ। ক্রিকেট সমর্থকরা আমাকে যে পরিচিতি দিয়েছেন এবং যে উৎসাহ জুগিয়েছেন, তা চিরকাল মনে থাকবে। ক্রিকেটকে যারা এত ভালোবাসেন এবং আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, সেসব ভক্তদের অশেষ কৃতজ্ঞতা। ৬ নভেম্বর আমি এই ক্যাপটি পেয়েছিলাম, আর আজ ৬ নভেম্বর, এই ১৩ বছরের যাত্রার এখানেই ইতি টানছি। যেদিন অভিষেক হয়েছিল, ঠিক সেদিনেই আমি অবসর নিচ্ছি।’
টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও এখনই ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না শামি। সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি টেস্ট ছেড়ে যাচ্ছি, তবে সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাব, সেটা আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট। আর যদি ফিটনেস ঠিক থাকে, তাহলে দীর্ঘ সংস্করণের ক্রিকেটও চালিয়ে যেতে পারি, তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট নয়।’
উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারত জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাননি শামি। দীর্ঘদিন চোট ও ফিটনেস সমস্যার সঙ্গে লড়াই করা এই পেসারের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটল ২২৯ উইকেট নিয়ে।
আরটিভি/এসকে



