
ইউরোপের ফুটবলের চলতি মৌসুমে ইংলিশ ক্লাবগুলোর জয়জয়কার চলছে। দুইদিন আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে ইংলিশ ক্লাব লিভারপুল-টটেনহ্যাম। এবার চ্যাম্পিয়নস লিগের মতোই ইউরোপা লিগের ফাইনালকেও ‘অল ইংলিশ’ বানিয়ে ফেললো আর্সেনাল ও চেলসি।
বৃহস্পতিবার ইউরোপায় আর্সেনাল-চেলসির ফাইনাল নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ দুই প্রতিযোগিতায় সব ইংলিশ দল ফাইনাল খেলতে যাচ্ছে।
ইউরোপা কাপে সবশেষ অল ইংলিশ ফাইনাল হয়েছিল ১৯৭১-৭২ মৌসুমে। তখন ফাইনাল অনুষ্ঠিত হয় দুই লেগ মিলে। যেখানে প্রতিপক্ষ ছিল টটেনহ্যাম হটস্পার ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। অপরদিকে চ্যাম্পিয়নস লিগে সবশেষ অল ইংলিশ ফাইনাল হয় ২০০৭-০৮ মৌসুমে। যার চ্যাম্পিয়ন নির্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে। যেখানে প্রতিপক্ষ ছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
২৯ মে ইউরোপার ফাইনালে আজারবাইজানের বাকুতে লড়বে চেলসি-আর্সেনাল। আর ১ জুন মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে পরীক্ষা দিতে নামবে লিভারপুল-টটেনহ্যাম।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সময় ১টায় ইউরোপার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। একটিতে ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ ছিল আর্সেনাল। অপরটিতে চেলসির প্রতিপক্ষ ছিল ফ্রাঙ্কফুর্ট।
আর্সেনাল ভ্যালেন্সিয়ার মাঠে পিয়েরে-এমেরিক ওবামেয়াং এর হ্যাটট্রিকে ৪-২ গোলে পরাজিত করে স্বাগতিকদের। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পায় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৭-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠে ইংলিশ ক্লাব আর্সেনাল।
আর্সেনাল ২০০০ সালে প্রথমবার ও সবশেষ ইউরোপা কাপের ফাইনাল খেলে। সেখানে তুরস্কের ক্লাব গ্যালাতাসারেই এর কাছে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত হয়ে শিরোপা হারায়। এরপর আর তারা ফাইনালে উঠতে পারেনি। এখন পর্যন্ত একটি শিরোপাও ঘরে তুলতে পারেনি গানাররা।
অপর সেমিতে স্প্যানিশ গোলরক্ষক কেপা আর্জিলাগার দুইটি দুর্দান্ত সেভে টাইব্রেকারে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে ৪-৩ গোলে পরাজিত করে ফাইনালে উঠে চেলসি। চেলসি সবশেষ ইউরোপার ফাইনাল খেলেছিল ২০১৩ সালে। সেবার তারা ফাইনালে পর্তুগালের ক্লাব বেনফিকাকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এএ/এসএস




