
গত দুই মাস আগে স্বাগতিক বাংলাদেশকে একমাত্র টেস্ট ম্যাচে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। মাত্র তিন ম্যাচের অভিজ্ঞতা নিয়েই টাইগারদের হারিয়ে দেয় রশিদ খানের তারুণ্যে ভরা দলটি।
এবার আর সেটা পারেনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ভারতের লক্ষ্ণৌতে একমাত্র টেস্টে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের। ভারতের মাটিতে স্বাগতিক আফগান ব্যাটসম্যানরা ভস্মীভূত হয়েছে দীর্ঘদেহী রাকিন কর্নওয়ালের কাছে।
তার একার ৭ উইকেটে আফগানরা প্রথম ইনিংসে সংগ্রহ করে ১৮৭ রান। সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার জাবেদ আহমাদীর ব্যাটে। এছাড়াও আমীর হামজা করেন ৩৪, আফসার জাযাই করেন ৩২ রান।
জবাবে ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ২৭৭ রান সংগ্রহ করে সব উইকেট হারিয়ে। শামার ব্রুকের ১১১ রান ও জন ক্যাম্পবেলের ৫৫ রান স্বত্বেও আধিপত্য দেখিয়েছে আফগান স্পিনাররা। আমির হামজা নেন ৫ উইকেট আর রাশিদ খান নেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঠিকই আফগানরা টেস্টে অনভিজ্ঞতার পরিচয় তুলে ধরে। এই ইনিংসেও কর্নওয়াল নেন ৩ উইকেট। এছাড়া ৩টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও রোস্টন চেজ। আফগান ওপেনার জাবেদ আহমাদীর ৬২ রানের পরও ১২০ রানে অল-আউট হয়ে যায় তারা।
তৃতীয় দিনের শুরুতে মাত্র ৩৩ রান টপকাতে বেশি সময় লাগেনি উইন্ডিজদের। মাত্র ১ উইকেট হারিয়ে ৬ ওভার দুই বলে জয় তুলে নেয় সফরকারীরা।
এমআর/ এমকে




